পড়াশোনাটা ছোটবেলা থেকেই ভালো লাগত। ভালো লাগত স্কুলে যেতে। যার ধারাবাহিকতায় দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগরের ভর্তি পরীক্ষায় সবচাইতে প্রতিযোগিতামূলক অনুষদ আইন ও বিচার অনুষদে প্রথমস্থান লাভ। শিক্ষাজীবনের সব ক্ষেত্রেই সফলতার স্বাক্ষর রেখেছেন। পুরো নাম কার্তিক চন্দ্র বর্মন। গ্রামের বাড়ি খুলনা জেলার পাইকগাছা উপজেলায়। স্কুল-কলেজের গণ্ডি সেই খুলনাতেই। স্বাক্ষর রেখেছেন মেধার এসএসসি এবং এইচএসসি দুটো পরীক্ষাতেই। জিপিএ-৫ নিয়ে শেষ করেছেন এ দুটি পাবলিক পরীক্ষা। আসন্ন ২০১৪-২০১৫ সালের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা কি বিষয়ে প্রস্তুতির বিষয়টি এগিয়ে রাখবে? সরল উক্তি কার্তিকের। অবশ্যই সময়ের মূল্য দিয়ে সময়ের কাজ সময়েই করতে হবে। বিষয়ভিত্তিক কোন বিষয়গুলোতে বিশেষ যত্ন নিবে শিক্ষার্থীরা?
কার্তিক বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা যে বিষয়টিতে ঘাবড়ে যায় তা হলো এখানকার প্রশ্নপত্রে বিশ্লেষণাত্মক গণিত থেকে প্রশ্ন করা হয়ে থাকে। যা আবার ইংরেজী মাধ্যমে। এছাড়া বাংলা এবং ইংরেজী বিষয়ের প্রতিও জোর দিতে হবে। পড়াশোনার ক্ষেত্রে কোনটি আগে দরকার। কার্তিক জানান, রুটিন মেনে নিয়মিত পড়াশোনা করতে হবে। সময় নষ্ট করা যাবে না একদমই। এতদূর আসার পেছনে উত্সাহ পেয়েছেন বাবা-মা এবং মামার। ইচ্ছা আছে বারিস্টারি করার। এগিয়ে যাবার প্রত্যয় সামনের দিকে।
