শিশুদের জন্য আলাদা গুগল প্লাস, ইউটিউব!

আপডেট : ১৯ আগস্ট ২০১৪, ১৯:৫৬
ফেসবুক, টুইটারের মতো গুগলের সামাজিক যোগাযোগের ওয়েবসাইট গুগল প্লাসেও ১৩ বছর বয়সের কম কারও অ্যাকাউন্ট তৈরির নিয়ম নেই। তবে বিশ্বব্যাপী ১৩ বছরের কম অনেকেই বয়স গোপন করে অ্যাকাউন্ট খুলে থাকে। শিশুদের যাতে এমন করে মিথ্যার আশ্রয় না নিতে হয় তা নিশ্চিত করতে এবারে শিশুদের জন্যও গুগল প্লাসে অ্যাকাউন্ট খোলার সুযোগ করে দিতে যাচ্ছে গুগল। শিশুদের অনলাইন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রীয় নীতিতে জটিলতা থাকলেও নতুন এই নিয়ম চালুর জন্য পরিকল্পনা নিয়েছে এই টেক জায়ান্ট। শুধু তাই নয়, এসব শিশুদের জন্য উপযোগী করে আলাদা ইউটিউবও চালুর চিন্তা করছে গুগল। এসব সেবায় অবশ্য অভিভাবকদের মনিটরিংয়ের সুবিধা রাখার ব্যবস্থাও রাখবে গুগল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ইনফরমেশনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রে অবশ্য শিশুদের অনলাইন গোপনীয়তা সুরক্ষা নীতিতে শিশুদের যেকোনো অনলাইন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে অভিভাবকদের সম্মতি গ্রহণের বিধান রয়েছে। গুগলের যেকোনো অ্যকাউন্ট খোলার ক্ষেত্রেও বয়স প্রদানের বাধ্যবাধকতা রয়েছে। তবে কেউ মিথ্যা বয়স প্রদান করলে গুগলের পক্ষে কিছু করার থাকে না। তাই গুগলের নতুন এই উদ্যোগ গুগল অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে শিশুদের ভূঁয়া বয়স প্রদান অনেকটাই রোধ করতে সক্ষম হবে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। অনেকেই আবার গুগলের এই নীতির সমালোচনাও করছেন। গুগল নিজেদের পরবর্তী গ্রাহক হিসেবে শিশুদের বেছে নিয়েছে বলেই মনে করছেন তারা। প্রচলিত বিভিন্ন নীতির সাথে গুগল কীভাবে সমন্বয় করবে, তা নিয়েও প্রশ্ন উত্থাপন করেছেন তারা। শিশুদের উপযোগী এসব সেবা কবে নাগাদ চালু করা হবে, সে বিষয়ে গুগলের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।