গুলশানে গ্লোবাল ব্র্যান্ডের নতুন শাখার যাত্রা শুরু

আপডেট : ১৯ আগস্ট ২০১৪, ১৯:৫৬
গত ১৮ আগস্ট রাজধানীর গুলশানে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আইটি পণ্য আমদানীকারক ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ডের নতুন শাখা অফিস। গুলশান ২-এর মাদানী এভিনিউয়ে অবস্থিত পল্লাডিয়াম মার্কেটের এই শাখা থেকেই এখন গুলশানবাসী সরাসরি গ্লোবাল ব্র্যান্ডের পণ্য ও সেবা পাবেন। নাম ফলক উন্মোচন এবং ফিতা কেটে শাখা অফিসটি উদ্বোধন করেন লেনোভোর দক্ষিণ এশিয়া অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক অমর বাবু, গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ, ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার এবং পরিচালক জসিম উদ্দিন খন্দকার। এসময় গ্লোবাল ব্র্যান্ড ও লেনোভোর শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। লেনোভো দক্ষিণ এশিয়া অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক অমর বাবু লেনোভোর অন্যান্য সদস্যবৃন্দ নিয়ে সংক্ষিপ্ত সফরে উক্ত দিন বাংলাদেশ আসেন। তিনি গ্লোবাল ব্র্যান্ডের পরিচালকবৃন্দসহ বিসিএস কম্পিউটার সিটি, ও মাল্টিপ্ল্যান সেন্টার আইটি মার্কেট পরিদর্শন করেন। বাংলাদেশের আইটি মার্কেট সম্পর্কে সম্যক ধারণা লাভ, বাংলাদেশে লেনোভোর বর্তমান অবস্থা অবগত হওয়া ও ব্যবসায়িক মতবিনিময় করাই তার এ সফরের উদ্দেশ্য।