বাণিজ্য মন্ত্রণালয় ও বেসিসের যৌথভাবে কাজ করার আশাবাদ

আপডেট : ১৯ আগস্ট ২০১৪, ১৯:৫৬
সফটওয়্যার রফতানি বৃদ্ধি ও ২০১৮ সালের মধ্যে ১ বিলিয়ন ডলার রফতানি আয়ের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে যৌথভাবে কাজ করবে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। গত ১৮ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েতউল্লাহ আল মামুন কারওয়ান বাজারস্থ বেসিস কার্যালয় পরিদর্শনে এসে এই সম্মতি জানান। বেসিস কার্যালয় পরিদর্শনে সচিবের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অমিতাভ চক্রবর্তী, যুগ্ম-সচিব মো. আতিকুর রহমান, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সহ-সভাপতি শুভাশীষ বোস, বিজনেস প্রমোশন কাউন্সিলের কো-অর্ডিনেটর শাহাবুদ্দিন আহমদ পাটোয়ারি ও ডেপুটি কো-অর্ডিনেটর হাফিজুর রহমান। বেসিসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি শামীম আহসান, জ্যেষ্ঠ সহ-সভাপতি রাসেল টি আহমেদ, সহ-সভাপতি এম রাশিদুল হাসান, মহাসচিব উত্তম কুমার পাল প্রমুখ। বাণিজ্য সচিব বেসিসের বিভিন্ন কার্যক্রম ও প্রস্তাবনা বাস্তবায়নে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।