উত্তরায়ণের প্রতিষ্ঠাবার্ষিকীতে

সেলুলয়েডে রবীন্দ্রনাথ

আপডেট : ১৯ আগস্ট ২০১৪, ২০:০২
বহু সৃজনশীল পথে বিচরণ করেছেন বাঙালির গর্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার বিস্ময়কর ও বিপুল সৃষ্টি আমাদের করেছে সমৃদ্ধ। চলার পথের প্রতিটি বাঁকেই তার পরশ অনুভব করি। চলচ্চিত্র শিল্পকেও রবীন্দ্রনাথ করেছেন সমৃদ্ধ। ত্রিশের দশক থেকে চলচ্চিত্রে ব্যবহূত রবীন্দ্র সংগীত নিয়ে উত্তরায়ণের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর নিবেদন গীতি আলেখ্য ‘সেলুলয়েডে রবীন্দ্রনাথ’। আগামী ২৩ আগস্ট সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠানটি মঞ্চস্থ হবে। উত্তরায়ণের শিল্পীদের কণ্ঠে পরিবেশিত হবে সর্বমোট ২৫টি রবীন্দ্র সংগীত। অনুষ্ঠানে সংগীত পরিবেশনের সাথে থাকবে ভিডিও প্রজেকশন ও যন্ত্রসংগীতের ঐকতান। রবীন্দ্রসংগীত শিল্পী ও উত্তরায়ণের পরিচালক লিলি ইসলামের পরিকল্পনা ও পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ ধরনের ঐকতান পরিবেশনের জন্য অংশ নিবেন যন্ত্রসংগীতশিল্পী সুব্রত মুখার্জ্জী, বিপ্লব মণ্ডল, সন্দীপন গাঙ্গুলী ও সুশান্ত নন্দী। সোহেল আনোয়ারের গ্রন্থনায় ও নাসিরুল হক খোকনের শিল্প নির্দেশনায় সহ-পরিচালনায় থাকবেন হিমাদ্রী শেখর। অনুষ্ঠানে আবৃত্তি ও সঞ্চালনায় থাকবেন ভাস্বর বন্দোপাধ্যায় ও ডালিয়া আহমেদ। আয়োজনটি উপলক্ষে প্রতিবারের মতো এবারও প্রকাশিত হবে তথ্যসমৃদ্ধ স্যুভেনির। উল্লেখ্য এটি সংগীত সংগঠন উত্তরায়ণের চতুর্থ পরিবেশনা। এর আগে উত্তরায়ণের নিরীক্ষাধর্মী পরিবেশনা ‘এবং বর্ষা’, ‘চিরকালের রবীন্দ্রনাথ’ ও ‘ফুলের প্রেমে রবীন্দ্রনাথ’ ব্যাপক প্রশংসিত হয়েছিল।