আদমদীঘিতে উদ্বোধনের অপেক্ষায় ৩টি প্রাইমারি স্কুল ভবন

আপডেট : ১৯ আগস্ট ২০১৪, ২১:২৩
গত সরকারের আমলে নেয়া বিদ্যালয়বিহীন পনেরশ’ বিদ্যালয় প্রকল্পের আওতায় বগুড়ার আদমদীঘি উপজেলায় প্রায় পৌনে ২ কোটি টাকা ব্যয়ে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। নতুন বিদ্যালয় ভবনগুলো হচ্ছে: আদমদীঘি সদরের উজ্জলতা-তেতুলািয়, চাঁপাপুর ইউনিয়নের পালংকুড়ি এবং সান্তাহার ইউনিয়নের পানলা-ঢেকড়া। প্রতিটি বিদ্যালয়ের জন্য ৪ লাখ ৫০ হাজারের অধিক টাকায় ৩০ শতক জমি অধিগ্রহণ করে সরকার নতুন বিদ্যালয় ভবন নির্মাণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় টেন্ডারের মাধ্যমে প্রতিটি বিদ্যালয়ে ৫৮ লাখ ১৩ হাজার ৩৭০ টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণের কাজ শুরু করে। বর্তমানে এই ভবন নির্মাণ কাজ শেষ হয়েছে। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। এই ৩টি নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় চালু করা হলে এলাকার ঝরে পড়াসহ শত শত শিশু শিক্ষার আলোয় আলোকিত হবে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলহাজ্ব ইউসুফ আলী ভুইয়া জানান, বিদ্যালয় ৩টি নির্মাণ শেষ হয়েছে। এখন হস্তান্তরের প্রক্রিয়া চলছে। উদ্বোধনের পর পর ছাত্র-ছাত্রী ভর্তি প্রক্রিয়া শুরু হবে।