ইতিবাচকতায় সন্তুষ্ট হাবিবুল বাশার

আপডেট : ১৯ আগস্ট ২০১৪, ২১:৪৫
কোনো পথ, রাস্তার ধার না ধরে গজ ফিতে দিয়ে মাপলে ঢাকা থেকে গ্রানাডার দূরত্ব ৯ হাজার ৩৩২ মাইল বা ১৫ হাজার ১৭ কিলোমিটার। এভাবে ঠিক বোঝার কথা নয়। আসল ব্যাপারটা বুঝতে হাতে একটা গ্লোব নিতে হবে; ঘুরাতে থাকুন, ঢাকার একেবারে বিপরীত দিকে ক্যারিবিয়ান সমুদ্রের বুকে আবিষ্কার করতে পারবেন এই ক্ষুদে দ্বীপরাষ্ট্রটিকে! এই বিপ্রতীপ প্রান্তের দেশ হওয়াতে দিন আর রাতেও একেবারে বিপরীত অবস্থানে বাংলাদেশ ও গ্রেনাডা। বাংলাদেশে যখন সন্ধ্যা ঘনিয়ে রাত হতে শুরু করেছে, তখন বাংলাদেশের ক্রিকেটাররা সবে সকালের নাস্তার প্রস্তুতি নিচ্ছেন! তবে নাস্তার টেবিলে যাওয়ার আগেই জাতীয় দলের ম্যানেজার ও নির্বাচক হাবিবুল বাশারের ফোন সরব হয়ে উঠলো। দেশ থেকে সাংবাদিকরা, শুভানুধ্যায়ীরা ফোন দিয়ে জানতে চাইছেন—দলের কী অবস্থা? সদাহাস্যময় সাবেক অধিনায়ক হাবিবুল হাসতে হাসতেই জানিয়ে দিলেন, ‘অবস্থা খুবই ভালো। মাত্রই সকাল হয়েছে। বিকালে আমরা অনুশীলনে যাবো। সেখানে ট্রফি উন্মোচন হবে।’ তারপর একটু মজা করে যোগ করলেন, ‘এই ট্রফির জন্যই কিন্তু খেলবো আমরা।’ সে আর বলে দিতে হয়! সর্বশেষ সফরে ওয়েস্ট ইন্ডিজ থেকে ট্রফিটা নিয়ে আসতে পেরেছে বাংলাদেশ। নিজেদের মাটিতে পাল্টা সিরিজেও ট্রফি জিতে রেখেছে মুশফিকের দল। অ্যাশেজের মতো করে হিসাব করলে এবার তো সেই ট্রফি ধরে রাখার পালা। ট্রফি বাংলাদেশ ধরে রাখতে পারবে কি না, এটা অনেক শক্ত প্রশ্ন। ওয়েস্ট ইন্ডিজ গত কয়েক মাসের মধ্যে তাদের সেরা দল মাঠে নামাবে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের কল্যাণে সবাই ফর্মে আছেন। বড় কথা পূর্ণশক্তি নিয়ে নিজেদের মাঠে অনেকদিন পর বাংলাদেশের মুখোমুখি হবে তারা। ফলে চ্যালেঞ্জটা কঠিন নয়, অতি কঠিন। সেই চ্যালেঞ্জের ফলাফল নিয়ে ভেবে এখনই বিচলিত হওয়ার পক্ষে নয় বাংলাদেশ দল। অন্তত হাবিবুল বললেন, ‘মাঠের ফলাফল তো পরের ব্যাপার। তবে আপাতত ক্রিকেটাররা তাদের অনুশীলন, খেলা খুব উপভোগ করছে। মাঠে ভালো ফল পাওয়ার জন্য এই কাজটা জরুরী। অনুশীলনে যথেষ্ঠ পরিশ্রম করছে তারা। প্রথম অনুশীলন ম্যাচের ভেতর দিয়ে কিছুটা হলেও মানিয়েও নিতে পেরেছে ক্রিকেটাররা।’ এই প্রথম অনুশীলন ম্যাচটাকে অনুপ্রেরণার বড় একটা উত্স মনে করছেন দলের সকলেই। এই ম্যাচে গ্রানাডার বিপক্ষে বড় জয়টা ব্যাপার নয়। হাবিবুলও মনে করছেন, ম্যাচে খেলোয়াড়দের শরীরি ভাষা যেমন ইতিবাচক ছিল, সেটাই সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার, ‘এসব ম্যাচে ফলাফলটা যাই হোক, খেলোয়াড়দের বডি ল্যাঙ্গুয়েজ ইতিবাচক ছিল কি না, সেটা দেখার ব্যাপার। আমি খুশি যে সেটা খুবই ভালো ছিল। সবাই যার যার ভালো পারফরম করতে চেষ্টা করেছে। এই ব্যাপারটা ধরে রাখতে পারলে ওয়ানডে সিরিজেও ভালো ফল আসা সম্ভব।’ হাবিবুলের মতো বাংলাদেশেরও সেই আশা।