তারেকের সাবেক সচিব অপুর জামিন স্থগিত

আপডেট : ১৯ আগস্ট ২০১৪, ২২:১৯
চাঁদাবাজির মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নূর উদ্দিন ওরফে অপুকে দেয়া হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. ইমান আলী মঙ্গলবার হাইকোর্টের জামিন চার সপ্তাহের জন্য স্থগিত করেন। সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ অপুকে ছয় মাসের জামিন দেয়। ওই জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আবেদনের পক্ষে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম ও অতিরিক্ত এটর্নি জেনারেল মুরাদ রেজা এবং অপুর পক্ষে অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও অ্যাডভোকেট মো. সগীর হোসেন লিওন শুনানি করেন। ২০০৭ সালের ৮ মার্চ গুলশান থানায় এই চাঁদাবাজির মামলা দায়ের করা হয়।