প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার

আপডেট : ১৯ আগস্ট ২০১৪, ২২:১৯
রাজধানীর কলাবাগান এলাকা থেকে মঙ্গলবার সকালে সংঘবদ্ধ প্রতারক চক্রের মূল হোতাসহ দুইজনকে আটক করেছে র্যাব। আটককৃত দুজনের নাম- সাব্বির হোসেন জনি ও রাজু আহমেদ। র্যাব সদস্যরা তাদের কাছ থেকে নকল পিস্তল, ইয়াবা ও ক্যামেরা জব্দ করেছে। আটককৃতরা দীর্ঘদিন ধরে জোর করে বিভিন্ন ব্যক্তির নগ্ন ছবি তুলে ফাঁস করে দেয়ার কথা বলে চাঁদা আদায় করতো বলে র্যাব-২ কর্মকর্তারা জানিয়েছেন। র্যাব সদস্যরা জানান, রুবেল নামক এক যুবক জনি’র কাছে আইপ্যাড বিক্রি করার জন্য গেলে জনি তাকে তার বাসায় নিয়ে যায়। এরপর জনি রুবেলকে তার বাসার ছয় তলায় নিয়ে যায়। রুবেল রুমে গিয়ে ৪/৫ জন ছেলে ও ১ জন মেয়েকে ইয়াবা সেবন করতে দেখে। রুবেল এই পরিবেশে থাকতে অপারগতা প্রকাশ করলে জনি ঐ ছেলেদের বের করে দেয়, তবে মেয়েটি থেকে যায়। মেয়েটি সম্পর্কে জনি বলে, ও আমাদের ভাল বন্ধু, ও থাকলে কোন সমস্যা নেই। এরপর কথোপকথনের এক পর্যায়ে জনি রুবেল এর মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে বিবস্ত্র করে এবং মেয়েটির সাথে অনৈতিক কার্যকলাপ করছে এইভাবে সম্পূর্ণ বিষয়গুলো তারা ডিজিটাল ক্যামেরার মাধ্যমে ভিডিওচিত্র ধারন করে এবং বেশ কয়েকটি ছবি তোলে। এরপর মেয়েটি চলে যায়। পরে জনি ও রাজু তার অশ্লীল ভডিও চিত্রটি দেখিয়ে তা ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দেয় এবং ৪ লাখ টাকা দেয়ার জন্য চাপ দেয়। একই সাথে তারা রুবেলের মোবাইল ফোন ও ৫,২০০ টাকা ছিনিয়ে নেয়। এই অভিযোগে তাদের আটক করা হয়েছে। এদিকে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে গতকাল ২৯ কেজি গাঁজাসহ মাইনুদ্দিন নামে এক যুবককে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। ঢাকা জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, আখাউড়া থেকে ট্রেনে করে কমলাপুর রেলস্টেশনে এসে নামে মইনুদ্দিন। রেলস্টেশনে তার ঘোরাফেরা সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালানো হয়। এসময় তার কাছ থেকে ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটকের পর তাকে কোর্টে চালান দেয়া হয়েছে।