স্বপ্নদলের সেলিম আল দীন জন্মোত্সব

আপডেট : ২০ আগস্ট ২০১৪, ১৯:২৮
নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘স্বর্ণাভ চেতনায় আঁধার বিলীন, ঐতিহ্য-আধুনিকতায় চির-অমলিন, নাট্যাচার্য সেলিম আল দীন’ স্লোগানে নাট্যসংগঠন স্বপ্নদল আয়োজিত পাঁচদিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোত্সব—২০১৪’-এর দুইদিনের ‘ময়মনসিংহ পর্ব’ শুরু হয়েছে গত ১৮ আগস্ট। সেলিম আল দীনের শিল্পদর্শন তথা বাংলা নাট্যরীতি বিষয়ক সচেতনতা রাজধানীর পাশাপাশি সমগ্র দেশে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা থেকেই এবারের উত্সব একই সঙ্গে ঢাকা ও ঢাকার বাইরে অনুষ্ঠিত হচ্ছে এবং উত্সবের সকল অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকছে। গত ১৮ আগস্ট সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমিতে ময়মনসিংহ জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে সেলিম আল দীনের জীবন-শিল্পকর্ম-দর্শন নিয়ে অলোচনা অনুষ্ঠান এবং উত্সবের ‘ময়মনসিংহ পর্ব’-র উদ্বোধন হয়। প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে ছিলেন জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলম। বিশেষ অতিথি ময়মনসিংহ থিয়েটার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক নাট্যজন শাহাদাত হোসেন খান হীলু। এরপর ছিল স্বপ্নদলের পরিবেশনায় ‘ফেস্টুনে লেখা স্মৃতি’ এবং জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের পরিবেশনায় ‘জন্ডিস ও বিবিধ বেলুন’ নাট্যপ্রযোজনার মঞ্চায়ন। আর গত ১৯ আগস্ট মঙ্গলবার সকাল দশটায় ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমীতে নাট্যকর্মী-নাট্যামোদীদের জন্য ‘সেলিম আল দীনের শিল্পদর্শন ও বাংলা নাট্যরীতি’ শীর্ষক কর্মশালা এবং মতবিনিময় অনুষ্ঠিত হয়। এদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় সখিপুর, টাঙ্গাইলের ‘সহজিয়া’ পরিবেশন করেছে চর্যাগান এবং স্বপ্নদল মঞ্চায়ন করেছে সেলিম আল দীনের ‘হরগজ’। এবারের উত্সবের ‘ময়মনসিংহ পর্ব’-টি স্বপ্নদল ও ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমির যৌথ-আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। প্রসঙ্গত, উত্সবে গত ১৭ আগস্ট রবিবার সন্ধ্যায় ছিল জাহাঙ্গীরনগর থিয়েটারের পরিবেশনায় কুলদীপ পালের নির্দেশনায় সেলিম আল দীনের ‘যৈবতী কন্যার মন’-এর মঞ্চায়ন।