চিত্রনায়ক রিয়াজের সঙ্গে বিয়ের পর তিনা মিডিয়াতে আর কোনো কাজই করেননি। বিয়ের আগে তিনা ৪-৫টি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেই বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন। মিডিয়াতে তিনার যাত্রা শুরু হয় পোলার আইসক্রিমের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে। সর্বশেষ তিনি আমিন জুয়েলার্সের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন ২০০৮ সালের জানুয়ারি মাসে। সেই থেকে এখন পর্যন্ত দীর্ঘ আট বছরের বিরতির পর তিনা মিডিয়াতে ফিরেছেন। এর আগে কখনও নাটকে অভিনয় না করলেও এবারই প্রথম তিনি নাটকে অভিনয় করেছেন। তাও আবার তারই স্বামী চিত্রনায়ক রিয়াজের সঙ্গে। সহিদ-উন নবীর পরিচালনায় ও নাঈমুল করিমের রচনায় ‘সুগার ফ্রি চকলেট কেক’ নাটকে তিনা রিয়াজের সঙ্গে অভিনয় করেছেন। বাস্তব জীবনের মতো নাটকেও তারা স্বামী-স্ত্রী হিসেবেই অভিনয় করেছেন। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। কেমন লাগল দীর্ঘ বিরতির পর ক্যামেরার সামনে কাজ করতে? মৃদু হাসি দিয়ে তিনা বলেন, ‘কিছুটা ভয় তো ছিলই। তবে যেহেতু আমার সঙ্গে রিয়াজ ছিল তাই পরিবেশটা খুব ফ্রেন্ডলি ছিল। অনেকদিন পর কাজ করে সত্যিই ভীষণ ভালো লেগেছে।’ এখন থেকে নাটকে নিয়মিত অভিনয় করবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনা বলেন, ‘রিয়াজের বিশেষ অনুরোধেই আসলে এ নাটকে অভিনয় করা। কিন্তু নিয়মিত হওয়ার তেমন কোনো ইচ্ছে আপাতত নেই।’ নাটকে অভিনয় প্রসঙ্গে চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘এখন তো নিয়মিতই নাটকে অভিনয় করছি। তবে অভিনয়ে ফেরার পর মনের মতো একটি গল্পে কাজ করলাম, যে নাটকে কাজ করতে আমার নিজেকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। অনেক কষ্ট করতে হয়েছে। কারণ টানা তিন দিন সারারাত জেগে শুটিং করেছি। দর্শকের ভালো লাগলেই আমি খুশি।’
