ডিজিটাল এই যুগে এসে সন্তানদের সাথে বাবা-মায়ের দূরত্ব অনেকটাই বেড়ে গেছে বলে মনে করেন বিজ্ঞানীরা। বিশেষ করে ডিজিটাল ডিভাইসের রাজত্বে সন্তানরা বাবা-মায়েদের তুলনায় নিজেদের অনেক বেশি স্মার্ট প্রমাণ করতে সক্ষম হয়েছে। তাই বলে পিছিয়ে নেই অভিভাবকরাও। তারই প্রমাণ হিসেবে যুক্তরাষ্ট্রের একজন মা তৈরি করেছেন ‘ইগনোর নো মোর’ নামের বিশেষ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন যার মাধ্যমে কোনো অভিভাবক তার সন্তানকে ফোন করার পর ফোন রিসিভ না হলে তিনি সন্তানের ফোনটি লক করে দিতে পারবেন দূর থেকেই। আর এরপর কেবল লক করা ফোন থেকে মা কিংবা বাবার মোবাইলেই ফোন করা যাবে। অনেক সময়ই সন্তান দূরে থাকলে বাবা-মা ফোন করলে সন্তান ফোন রিসিভ করে না। পরে তারা অজুহাত হিসেবে ব্যস্ত ছিল বা মোবাইল সাইলেন্ট করা ছিল প্রভৃতি কথা বলে থাকে। বারবার ফোন করার পরেও অনেকেই ফোন ধরে না। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্যই শ্যারন স্ট্যান্ডিফার্ড নামের এক নারী তৈরি করেছেন ‘ইগনোর নো মোর’ নামের অ্যাপ্লিকেশনটি। অ্যান্ড্রয়েডের জন্য তৈরি এই অ্যাপ্লিকেশনটি ফোনে ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে। এরপর এতে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এরপর সন্তানদের ফোনেও ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে অ্যাপ্লিকেশনটি। এরপরই কার্যকরী হয়ে যাবে অ্যাপ্লিকেশনটি। এই অ্যাপ্লিকেশন তৈরির বিষয়ে শ্যারন বলেন, ‘অনেক সময়ই সন্তানরা ফোন রিসিভ করে না, যা দুশ্চিন্তা তৈরি করে। কিন্তু যেহেতু তরুণরা তাদের ফোনে অনেক বেশি সময় ব্যয় করে, তাই সেই ফোনকেই অকার্যকরী করে রাখতে তারা কখনই চাইবে না। এই অ্যাপ্লিকেশনটি তাদের সাথে যোগাযোগ অবিচ্ছিন্ন রাখা অনেকটাই নিশ্চিত করবে।’ শ্যারনের ছেলে ব্র্যাডলি অবশ্য এই অ্যাপ্লিকেশনে খুব একটা খুশি নয় বলে জানিয়েছে। এই অ্যাপ্লিকেশন ব্যবহারের জন্য প্রতিটি ফোনে খরচ হবে ২ ডলার।
