জবসবিডির নতুন লোগো উদ্বোধন

আপডেট : ২০ আগস্ট ২০১৪, ১৯:৩৬
অনলাইন জব পোর্টাল জবসবিডি ডটকম তাদের নতুন লোগো উন্মোচন করেছে। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত আইসিটি শিক্ষা প্রসারে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও জবসবিডির নতুন লোগো উম্মোচন অনুষ্ঠানের মাধ্যমে এই লোগো উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের আইসিটি বিভাগের সচিব নজরুল ইসলাম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটিও ফোরামের প্রেসিডেন্ট তপন কান্তি সরকার, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক অধ্যাপক ইউসুফ এম ইসলাম, ড্যাফোডিল ফাউন্ডেশনের ট্রেজারার মমিনুল হক মজুমদার, ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জবসবিডির সিওও কেএম হাসান রিপন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘এখন থেকেই তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা তৈরির ওপর বেশি করে জোর দিতে হবে।’ ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের মতো বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকে উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখার জন্য আহ্বান জানান তিনি।