ডিএসইতে লেনদেন কমেছে সাড়ে ১৩ ভাগ

আপডেট : ২০ আগস্ট ২০১৪, ১৯:৩৯
প্রিমিয়ার সিমেন্টের দর বাড়ার কারণ নেই শেয়ার বাজারে গতকাল বুধবার লেনদেন আগের দিনের তুলনায় কমে গেছে। একদিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে ১০০ কোটি টাকারও বেশি। অর্থাত্ সাড়ে ১৩ ভাগ লেনদেন কমেছে ডিএসইতে। তবে এদিনও লেনদেনে প্রাধান্য দেখা গেছে চারটি খাতের। খাতগুলো হলো জ্বালানি, ওষুধ, ইঞ্জিনিয়ারিং এবং বিবিধ খাত। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জ্বালানি খাতে। এ খাতে লেনদেন হয়েছে ১০৬ কোটি টাকা। যা ডিএসই’র মোট লেনদেনের সাড়ে ১৬ শতাংশেরও বেশি। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২২ পয়েন্ট কমে ৪ হাজার ৫৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ৭২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬৪২ কোটি ৮২ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১০০ কোটি ৫২ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৮৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৭টির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ারের। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৬৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১০০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৫৪ কোটি ৭০ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১০ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৩২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭২টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ারের। ডিএসই সূত্রে জানা গেছে, অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই বলে ডিএসইকে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট লিমিটেড। শেয়ারের দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এ তথ্য জানায়। কোম্পানি কর্তৃপক্ষ আরো জানায়, কোন রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে। বিশ্লেষণ করে দেখা গেছে, গত ৪ কার্যদিবস ধরে শেয়ারটির দর ৮৫ টাকা থেকে বেড়ে ৯৬ টাকা পর্যন্ত ওঠে।