পিকে ছবির প্রথম পোস্টার নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছে এবং হচ্ছে। নানা অঙ্গনের নানা মানুষ ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খানকে বিদ্ধ করেছেন তাদের কথার তীরে। সেই জন্যই কিনা কে জানে গতকাল সন্ধ্যায় আমির খান অ্যান্ড কোং তাদের ‘পিকে’ ছবির দ্বিতীয় পোস্টার বের করেছে। কিন্তু পোস্টার মুক্তির আগে আমির খান কিনা বললেন এবার লজ্জা নিবারণের জন্য কোনো ‘মিউজিক বক্স’ও নেই!
নতুন যে কোনো পোস্টার আসতে যাচ্ছে তার আগাম বার্তা কিন্তু আমির গত সপ্তাহেই দিয়েছিলেন। আমির বলেছিলেন, ‘আমরা আমাদের ‘পিকে’ ছবির দ্বিতীয় পোস্টারটি বের করতে যাচ্ছি। কিন্তু এবার আমার হাতে কোনো ট্রানজিস্টারও নেই!’
যদিও পোস্টারটি ১৫ আগস্ট প্রকাশ করার কথা ছিল কিন্তু ২০ আগস্ট শাহরুখ খানের ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির ট্রেইলরের মুক্তির জন্যই পোস্টারটি দেরি করে প্রকাশিত হলো। চলতি মাসের শুরুতে ‘পিকে’র প্রথম পোস্টারটি প্রকাশিত হয় যেখানে দেখানো হয় যে আমির একটি রেললাইনের সামনে নগ্ন হয়ে দাঁড়িয়ে একটি পুরোনো আমলের ট্রানজিস্টার দিয়ে লজ্জা নিবারণের চেষ্টা করছেন। পোস্টারটি প্রকাশের পর থেকেই আমির নানা সমালোচনার সম্মুখীন হয়ে আসছেন।
