তোবা কারখানা চালু ও পাওনা পরিশোধের দাবি

আপডেট : ২০ আগস্ট ২০১৪, ২১:০৪
সিপিবি-বাসদের সভা বেআইনীভাবে তোবা কারখানা বন্ধের খবরে তীব্র নিন্দা জানিয়েছে সিপিবি-বাসদ জোট। জোটের নেতৃবৃন্দ বলেছেন, শ্রমিকদের ঈদ বোনাসসহ সকল বেকেয়া পরিশোধ করে অবিলম্বে কারখানা চালু করতে হবে এবং বিচার বিভাগের স্বাধীনতা ও জনগণের ব্যক্তি ও বাক স্বাধীনতা খর্ব করে এমন কোনো আইন প্রণয়ন না করার আহ্বান জানান তারা। বুধবার সিপিবি-বাসদ আয়োজিত সিপিবি কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় বক্তারা এ আহবান জানান। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এর সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শাহ আলম, প্রেসিডিয়াম সদস্য লক্ষ্মী চক্রবর্তী, রুহিন হোসেন প্রিন্স, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ ও জাহেদুল হক মিলু প্রমুখ। সভার প্রস্তাবে বলা হয়, সরকার ও বিজেএমইএ তোবা গার্মেন্টস এর শ্রমিকদের সাথে প্রতারণা করেছে। শ্রমিকদের আন্দোলন ও অনশনের ফলে সরকার—মালিক পক্ষ একতরফাভাবে শ্রমিকদের সকল পাওনা পরিশোধের ঘোষণা দিলেও এখনও তাদরে ঈদ বোনাস পরিশোধ করা হয়নি। কারখানা চালু করে শ্রমিকদের চাকরির নিরাপত্তা নিশ্চিত না করে কারখানা বন্ধের ঘোষণা দিয়েছে। এহেন পরিস্থিতি সংকটকে আরও গভীরতর করে তুলবে। সভায় তোবা শ্রমিকদের বোনাস পরিশোধ ও কারখানা চালু করে শ্রমিকদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। সভায় মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, শ্রমিকদের পাওনা পরিশোধ করে তোবা’র কারখানা চালু, বিচার বিভাগ ও বাক স্বাধীনতা খর্বের যে কোনো চক্রান্ত রুখে দাঁড়াতে দেশের বাম, প্রগতিশীল গণতান্ত্রিক দল, সংগঠন ও ব্যক্তিবর্গের প্রতি আহ্বান জানান তিনি।