জালিয়াতি করে সরকারি সম্পত্তি আত্মসাত ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এবার নারায়ণগঞ্জ জেলা জজ আদালতের যুগ্ম জজের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই বিচারকের নাম আবুল হোসেন খন্দকার। সমপ্রতি কমিশন বৈঠকে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয় দুদক। একই সঙ্গে দুদকের উপ-সহকারী পরিচালক এ কে এম ফজলে হোসেনকে বিষয়টি অনুসন্ধান করার জন্য দায়িত্ব দেয়া হয়েছে।
দুদক সূত্রে জানা যায়, এই বিচারকের বিরুদ্ধে দুদকে অভিযোগ জমা পড়ে। এই অভিযোগ যাচাই-বাছাই করার পর তা কমিশনের বৈঠকে আলোচনার জন্য ওঠানো হয়। জালিয়াতির মাধ্যমে সরকারি সম্পত্তি ভোগদখল ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখার জন্য কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে এর আগে গত ১২ আগস্ট ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মামলা নিষ্পত্তি করে আসামিদের খালাস দেয়ার অভিযোগে বিশেষ দায়রা জজ ও জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের প্রাক্তন বিচারক ফারুক আহম্মেদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।
