স্ট্যান্ডার্ড চার্টার্ড
দেশের কৃষি ও কৃষি প্রযুক্তি খাতে অবদান রেখেছেন এমন দুই কৃষক ও তিন প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি)। মঙ্গলবার রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড কৃষি অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম অনুষ্ঠানটির আয়োজন করে।
অনুষ্ঠানে পুরস্কার প্রদানশেষে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, সরকারের অগ্রাধিকারমূলক খাতগুলোর মধ্যে কৃষি রয়েছে। এ খাতে চলতি বছর প্রায় ২০০ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। এখন পর্যন্ত এটি এ খাতে সরকারের সবচেয়ে বেশি ভর্তুকি। কৃষক ও কৃষিখাতকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের কৃষি উত্পাদন হুমকির মুখে পড়বে। তাই লবণাক্ততাসহিষ্ণু ধানসহ অন্যান্য বীজ উদ্ভাবন করতে হবে। কৃষকের কাছে উন্নত কৃষি প্রযুক্তি পৌঁছে দিতে হবে। দেশের খাদ্য ও পুষ্টি পরিস্থিতির উন্নয়নের জন্য গবেষকদের আরো বেশি মনোযোগ দেয়ার আহবান জানান তিনি।
কৃষিখাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচটি শ্রেণীতে ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড কৃষি পুরস্কার’ দেয়া হয়। এ বছরের সেরা কৃষক (পুরুষ) পুরস্কার পেয়েছেন বরিশালের খান আসাদুজ্জামান। সেরা কৃষক (নারী) পুরস্কৃত হয়েছেন ফরিদপুরের আলিয়া বেগম। উদ্ভাবন ও গবেষণা শ্রেণিতে সেরা সহযোগী প্রতিষ্ঠানের পুরস্কার পেয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান (বারি)। এই শ্রেণিতে লাল তীর সীড লিমিটেডকে ‘অনারেবল মেনশন’ পুরস্কার দেয়া হয়। সহায়তা ও বাস্তবায়নে সেরা সহযোগী প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার লাভ করে আলিম ইন্ডাস্ট্রিজ। কৃষিপণ্য রপ্তানিতে সেরা প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার লাভ করেছে ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড।
অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিম ম্যাককেইব বলেন, আমরা আশা করি এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে দেশের হাজারো কৃষককে কৃষিক্ষেত্রে অনুকরণীয় অবদান রাখতে উত্সাহিত করবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, ব্র্যান্ডজিল ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শরিফুল ইসলাম এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্সের প্রধান বিটপি দাশ চৌধুরী।
