‘রাগ প্রশমিত করলে কমবে অপরাধ’

আপডেট : ২০ আগস্ট ২০১৪, ২১:০৫
ঢাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসিক স্বাস্থ্য বিষয়ক চার দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাংলাদেশে মানসিক স্বাস্থ্য শূন্যতা: সম্পদ ও প্রতিক্রিয়া’ শীর্ষক এ সম্মেলন শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি এ সম্মেলনের আয়োজন করে। গতকাল সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক ডাঃ এম আর খান। সভাপতিত্ব করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক সহিদ আকতার হুসাইন, ব্রিটিশ সাইকোলজিক্যাল সোসাইটির প্রাক্তন সভাপতি ড. গ্রাহাম পাওয়েল ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাঃ ওয়াজিউল আলম চৌধুরী। ডাঃ এম আর খান বলেন, আমরা যদি সকলে মেজাজ বা রাগ প্রশমিত করতে পারি, তবে পরিবার তথা সমাজ থেকে অনেকাংশে অপরাধ কমে যাবে। তিনি আমাদের মানসিক স্বাস্থ্য উন্নয়নের জন্য দেশের প্রতিটি জেলা ও উপজেলার সকল হাসপাতালগুলোতে এবং শিক্ষা প্রতিষ্ঠানে চিকিত্সা মনোবিজ্ঞানী নিয়োগের আহ্বান জানান। ড. আআমস আরেফিন সিদ্দিক বলেন, জীবন মানে ভালোবাসা, ভালোবাসা মানে জীবন। এ কথা মনে রাখলে আমাদের পারিবারিক ও সামাজিক সমস্যাগুলো অনেকাংশে লাঘব হবে।