উখিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠ নিচ্ছে ক্ষুদে শিক্ষার্থীরা

আপডেট : ২০ আগস্ট ২০১৪, ২১:২৬
উখিয়ার করইবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান। সামান্য বৃষ্টি হলেই ছাদ চুয়ে পানি পড়ে শিক্ষার্থীদের বইপত্রসহ স্কুলের মূল্যবান কাগজপত্র ভিজে নষ্ট হচ্ছে। জরাজীর্ণ ভবনের প্লাস্টার খসে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছেন শিক্ষক ও অভিভাবকরা। বিদ্যালয়ের দরজা-জানালা নেই। খাবার পানির ব্যবস্থা নেই। টয়লেট নেই। বিদ্যালয় প্রতিষ্ঠাতা ছৈয়দ কাশেম চৌধুরী জানান, ১৯৯৬ সালে বিদ্যালয় ভবনটি নির্মাণ করা হয়। দ্বিতীয় শ্রেণির ছাত্রী শামীমা ইয়াছমিন টুম্পা জানায়, ছাদ চুয়ে পানি পড়ার কারণে বই, খাতা নষ্ট হয়ে যাচ্ছে। পঞ্চম শ্রেণির ছাত্র সৈয়দ মোস্তাক জানায়, প্লাস্টার খসে পড়ার ভয়ে শিক্ষকদের পাঠদানে মনোযোগী হওয়া যাচ্ছে না। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইকবাল মনির চৌধুরী জানান, পুরো বর্ষাকালে ছাত্র-ছাত্রীদের বৃষ্টির পানিতে ভিজে লেখাপড়া করতে হচ্ছে। বিদ্যালয়ে টিউবওয়েল না থাকায় ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের পাশের গ্রাম থেকে খাবার পানি সংগ্রহ করতে হয়। প্রধান শিক্ষক জানে আলম জানান, ছাদ চুয়ে পানি পড়ার বিষয়টি লিখিতভাবে উপজেলা শিক্ষা অফিসে জানানো হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা মোজাফফর আহমদ জানান, উক্ত বিদ্যালয় ভবনটি অপসারণ করে নতুন করে ভবন নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন দাখিল করা হয়েছে।