রাজশাহীর বাঘায় হত্যার তিন দিন পর অজ্ঞাত লাশটির পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম শরিফুল ইসলাম। মঙ্গলবার পরিহিত শার্ট-প্যান্ট দেখে তার আত্মীয়-স্বজনরা লাশটি শনাক্ত করেন। শরিফুল উপজেলার হাবাসপুর গ্রামের হারুন-অর-রশিদের ছেলে।
নিহতের পিতা পুলিশকে জানান, গত শনিবার সন্ধ্যায় উপজেলার বটতলায় শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে মোটর সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় শরিফুল। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি।
থানা সূত্রে জানা গেছে, শনিবার রাতের কোন এক সময়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন খবর পেয়ে ঐ গ্রামের একটি বাগান থেকে হাত-পা বাঁধা অবস্থায় নিহত শরিফুলের লাশ উদ্ধার করে পুলিশ। ওই সময় লাশের পরিচয় না পাওয়ায় অজ্ঞাত হিসাবে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। পরে মঙ্গলবার বিকালে এ লাশের পরিচয় মেলে।
