নকিয়া ফোনে ডিফল্ট ব্রাউজার হিসেবে থাকছে অপেরা

আপডেট : ২১ আগস্ট ২০১৪, ১৮:৫১
নকিয়া ফোনে ডিফল্ট ওয়েব ব্রাউজার হিসেবে স্থান পেতে যাচ্ছে অপেরা। নকিয়া আশা সিরিজসহ অন্যান্য ফিচার ফোনেও ডিফল্ট থাকবে এই ব্রাউজার। এর আগে নকিয়ার ফোনগুলোতে নিজস্ব ব্র্যান্ডের এক্সপ্রেস ব্রাউজার থাকলেও মাইক্রোসফ নতুন ফোনগুলোতে থার্ড-পার্টি ব্রাউজার হিসেবে অপেরাকেই বেছে নিয়েছে। এর ফলে আসছে অক্টোবর থেকেই নকিয়ার আশা কিংবা অন্যান্য ফিচার ফোনে ব্যবহারকারীরা তাদের এক্সপ্রেস ব্রাউজারের বদলে অপেরা ব্রাউজার আপগ্রেড করে নেওয়ার নোটিফিকেশন পাবেন। আর ওই সময় থেকে বাজারে আসা নতুন ফোনগুলোতে অপেরা ব্রাউজার প্রিইন্সটলড হিসেবে থাকবে। বিভিন্ন মডেলের ফোনের জন্য এই নোটিফিকেশনের তারিখ একেকরকম হবে বলে এক বার্তায় জানিয়েছেন অপেরার একজন মুখপাত্র। মোবাইল ওয়েব ব্রাউজার হিসেবে অপেরার বাজার খানিকটা পড়ে গেলেও মাইক্রোসফটের সাথে এই নতুন চুক্তি বাজারে তাদের অবস্থানকে অনেকটাই চাঙ্গা করে তুলবে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা।