সেরা বাঙালি সাহিত্যিকের পুরস্কার পেলেন শাহীন আখতার

আপডেট : ২১ আগস্ট ২০১৪, ১৮:৫৬
বাংলাদেশের লেখিকা শাহীন আখতার ভারত থেকে ‘সাহিত্য সেরা বাঙালি’ পুরষ্কার পেয়েছেন। আনন্দ বাজার গ্রুপের টেলিভিশন চ্যানেল এবিপি-আনন্দ তাঁকে এ পুরষ্কারে ভূষিত করেছে। গত ২৭ জুলাই রোববার কলকাতার একটি পাঁচতারা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে শাহীন আখতারের হাতে পুরষ্কারটি তুলে দেন সাহিত্যিক বাণী বসু ও অভিনেতা জিত। ২০০৫ সাল থেকে সাহিত্য, সংগীত, অভিনয়, চলচ্চিত্র পরিচালনা, জনসেবা, বিজ্ঞান, বাণিজ্য, আবিষ্কার ইত্যাদি ক্ষেত্রে বিশ্বের সেরা বাঙালিদের এই সম্মান দিয়ে আসছে এবিপি-আনন্দ। এবিপি-আনন্দ-এর এ যাবত্ সাহিত্য সেরা পুরষ্কার পেয়েছেন সুনীল, শীর্ষেন্দু, কেতকী কুশারি ডাইসন, অমিতাভ ঘোষ প্রমুখ। ২০১৪ সালে পেলেন বাংলাদেশের লেখিকা শাহীন আখতার। শাহীন আখতার গত দুই দশক ধরে লেখালেখি করছেন। ইতোমধ্যে সিরিয়াস লেখক হিসেবে সাহিত্য জগতে সুনাম অর্জনও করেছেন। তাঁর মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘তালাশ’ প্রথম আলো বর্ষসেরা বই ১৪১০ পুরস্কার লাভ করে। ২০১১ সালে দিল্লির জুবান বুকস থেকে ‘দ্য সার্চ’ নামে তালাশের ইংরেজি অনুবাদ বের হয়। এ পর্যন্ত শাহীনের পাঁচটি গল্পের সংকলন ও চারটি উপন্যাস বের হয়েছে। বেশ কিছু সাহিত্য সম্পৃক্ত বই সম্পাদনা করেছেন তিনি। তার মধ্যে উল্লেখযোগ্য ‘সতী ও স্বতন্ত্ররা-বাংলাসাহিত্যে নারী’ (তিন খ-)। এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে শাহীন আখতারের ঐতিহাসিক উপন্যাস ‘ময়ূর সিংহাসন’।