প্যালেস্টাইন
তোমার ভস্মস্তূপের ভেতর থেকে উদগত শোকাশ্রু
পৃথিবীর দীর্ঘতম নদী হতে পারে
হূদয়ের শোকার্ত শিলাখণ্ড থেকে জন্ম নিতে পারে
হিমালয়, আলপ্স
কিন্তু কোনো অশ্রুময় নদীর কিনারে কিংবা
শোকার্ত পর্বতের পাদদেশে দাঁড়াবার ইচ্ছে আমার নেই
আমি তোমার ভস্মস্তূপের ভেতর গিয়ে দাঁড়াতে চাই
যে শিশুটি ধোঁয়ার ভেতর থেকে তার ডান হাত বাড়িয়ে দিয়েছে
তার হাতে তুলে দিতে চাই ইস্পাতের অলীভকুঞ্জ
যদি এমন মেঘাচ্ছন্ন সময় না হতো
নিশ্চয় শিশুটির হাতে আঙুরের স্বাস্থ্য আর কমলার লাবণ্য দিতাম
খেজুরের অজস্র প্রোটিন কিংবা বাদামের ডাল
পৃথিবী দেখুক
একটি শিশুর হাত সাহসের সোনালী সংক্রাম
একটি শিশুর হাত দীর্ঘ হতে হতে মৃত্যুকে অতিক্রম করে
একটি শিশুর হাত জাতিসংঘের দরোজায় ঘৃণা খোদাই করে অবাধ্য শ্লোগান
প্যালেস্টাইন
তোমার গর্ভে যত শহীদের উজ্জ্বল নাম
ভস্মস্তূপের ভেতরে দাঁড়িয়ে বারবার আবৃত্তি করতে চাই তাদের মহিমা
হোক তা স্তুতি, পৃথিবী শুনুক
তোমার সন্তানদের নামের ভেতরে আছে হিমু পাখির সঙ্গীত
আর ক্ষমাহীন আশ্চর্য কবিতা
কিন্তু এক সমুদ্র মৃত্যুকে কী দিয়ে বোঝাবো
কণ্ঠ যখন রোদনের রৌদ্রে শুকিয়ে গিয়েছে
আর পাথরের চাদরে শুয়ে আছে সভ্যতার পাপড়িসমূহ
প্যালেস্টাইন
তোমার নির্বাতাস নক্ষত্রবুকে
চরাচরব্যাপী কান্নার রোল দিগন্ত বিদীর্ণ চিত্কার হোক
হিরন্ময় হাত রক্তাক্ত পতাকার লৌহদণ্ড
আর এতগুলো মৃত্যু ও সাহসের নাম স্বাধীনতা হোক
