গাংনীতে অপহূত স্কুলছাত্র ১২ দিন পর উদ্ধার

আপডেট : ২১ আগস্ট ২০১৪, ২০:৫২
৩ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে মেহেরপুরের গাংনী উপজেলার রাধাগোবিন্দপুর ধলা গ্রামের অপহূত স্কুলছাত্র ইলিয়াসকে অপহরণের ১২ দিন পর উদ্ধার করা হয়েছে। অপহূত ইলিয়াস হোসেন ধলা মাধ্যমিক বিদ্যলয়ের দশম শ্রেণীর ছাত্র। সে ঐ গ্রামের বাবুর আলীর ছেলে। বৃহস্পতিবার ভোরে গাংনীর রংমহল সীমান্তের তারকাটার পাশ থেকে তাকে উদ্ধার করা হয়। এএসআই সাইদুর রহমান জানান, অপহূত ইলিয়াসকে মুক্তিপণের বিনিময়ে ফেরত দেয়ার প্রতিশ্রুতি দেয় অপহরণকারীরা। টাকা ও ইলিয়াসকে নিয়ে সীমান্তের কাছে হাজির হয় ইলিয়াসের পরিবার ও অপহরণকারীরা। সংবাদ পেয়ে ধলা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অপহরণকারীদের ধাওয়া দেয়। এ সময় অপহরণকারীরা ইলিয়াসকে ফেলে রেখে ভারতে পালিয়ে যায়।