পাকুন্দিয়ায় তিনজনসহ পৃথক ঘটনায় ১৬ জন নিহত

আপডেট : ২১ আগস্ট ২০১৪, ২০:৫৩
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় তিনজনসহ বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ১৬ জন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গতকাল বৃহস্পতিবার সকালে বাস-অটোরিকশা সংঘর্ষে ৩ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিহতরা হচ্ছেন— উপজেলার মির্জাপুর গ্রামের মৃত মালেম উদ্দিনের ছেলে স্বপন মিয়া (৫২), বাহাদিয়া গ্রামের মৃত জনাব আলীর ছেলে আহম্মদ আলী (৪০) ও তারাকান্দি গ্রামের মিয়া হোসেন (৬০)। আহতদের প্রথমে পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হলে কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও ভাগলপুর বাজিতপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাইবান্ধায় বিদ্যুত্স্পৃষ্টে বউ ও শাশুড়ির মৃত্যু গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ চাপাদহ গ্রামে গত বুধবার সন্ধ্যায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে বউ মানিকজান বেগম (৪০) ও শাশুড়ি দেলবানু বেগম (৬৫) দুইজনের মৃত্যু হয়েছে। ঘরের পিছনে যাবার পথে ঝুলে থাকা বিদ্যুতের তারে শাশুড়ি জড়িয়ে পরেন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে পুত্রবধূ মানিকজান বেগমও বিদ্যুত্স্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। মাদারগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু জামালপুর মাদারগঞ্জ পৌরসভার জোনাইল পক্ষীমারী গ্রামে গতকাল বৃহস্পতিবার বন্যার পানিতে ডুবে তিন্নি (৭) ও রনি (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা বাড়ির পাশে বন্যার পানিতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে তিন্নির সকালে ও দুপুরে রনির লাশ উদ্ধার করা হয়। সিঙ্গাইরে ট্রাক চাপায় দুই শিশুর মৃত্যু মানিকগঞ্জের সিঙ্গাইরে ট্রাকের চাপায় গতকাল বৃহস্পতিবার দুপুরে আলফিন ও তিশা নামে দুই শিশু মারা গেছে। পাথর বোঝাই একটি ট্রাক ড্রাইভেশনের ঢাল উঠতে গিয়ে হঠাত্ পিছনের দিকে চলে যায়। এ সময় ট্রাকের পেছনে থাকা মোটর সাইকেলে আরোহী চারিগ্রামের তাজুল ইসলাম ও স্ত্রী রংমালা আহত হলেও সাথে থাকা দুই শিশু ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন ট্রাকে আগুন ধরিয়ে দেয়। কালিয়াকৈরে ট্রাক চাপায় ছাত্রীর মৃত্যু গাজীপুরের কালিয়াকৈরে গতকাল বৃহস্পতিবার সকালে ট্রাকের নিচে চাপা পড়ে নাজনিন আক্তার মায়া (১৩) নামে এক ছাত্রী ঘটনাস্থলেই মারা গেছে। সে চাপাইর বিবি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। মাদারীপুরে বাস খাদে পড়ে সুপারভাইজার নিহত মাদারীপুরের মস্তফাপুর এলাকায় গত বুধবার সন্ধ্যায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে জাহাঙ্গীর হাওলাদার নামে গাড়ির সুপারভাইজার নিহত ও ৪০ জন আহত হয়েছেন। আহতদের সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিত্সা দেয়া হয়। এ ঘটনায় মাদারীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। চৌদ্দগ্রামে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা কুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে গলায় ফাঁস দিয়ে রুবেল আহমদ (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছে। সে মাদকাসক্ত ছিল বলে এলাকাবাসী জানায়। মেহেরপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে সাপের কামড়ে টোকন মিয়া (৩০) নামে এক কৃষক মারা গেছেন। ঘুমন্ত অবস্থায় টোকন মিয়াকে বিষধর সাপে কামড় দেয়। মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নবীনগরে লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা গোপালপুর গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার আফদার আলী (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। হোমনায় বিদ্যুত্স্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু কুমিল্লার হোমনা উপজেলার মণিপুর বাজারে গত বুধবার রাত সাড়ে ৯টায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মো. নাছির উদ্দিন (৩৫) নামে এক ব্যবসায়ী মারা গেছেন। রাতে বিদ্যুত্ চলে গেলে দোকানের আইপিএস চালু করতে কাটাউট খোলার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত বলে জানান। সাঘাটায় সাপের কামড়ে যুবকের মৃত্যু গাইবান্ধার সাঘাটা উপজেলার ময়মন্তপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে সাপের কামড়ে জাহাঙ্গীর কবির (২০) নামে এক যুবক মারা গেছেন। বাড়িতে বিদ্যুত্ না থাকায় পাশের বাড়িতে মোবাইলে চার্জ দিতে যাওয়ার পথে সাপে কামড় দেয়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।