ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা আগামী ২৩ নভেম্বর থেকে ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা আগামী ৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবে। গত বুধবার ভিসির কার্যালয়ে কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় সকাল ১১টায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভর্তি প্রো-ভিসি প্রফেসর ড. মো. শাহিনুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ার হোসেন, রেজিস্ট্রার ড. মো. মসলেম উদ্দিনসহ কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যবৃন্দ। ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মোবাইল-এ SMS-এর মাধ্যমে আগামী ৬ সেপ্টেম্বর হতে ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন জমা দেয়া যাবে। এছাড়া প্রবেশপত্র ২৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত গ্রহণ করা যাবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd এ বিস্তারিত জানা যাবে। এ বছর ২২টি বিভাগের ৮টি ইউনিটে ১৪৬৫ আসনে ভর্তির জন্য পরীক্ষা গ্রহণ করা হবে।
