১৪ বছর অনশনরত শর্মিলা অবশেষে মুক্তি পেলেন

আপডেট : ২১ আগস্ট ২০১৪, ২১:০১
উত্তর-পূর্ব ভারতের মনিপুর রাজ্য থেকে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন প্রত্যাহারের জন্য গত ১৪ বছর ধরে অনশনরত মানবাধিকার কর্মী ইরম শর্মিলা ছানু (৪২) অবশেষে তার আটকাদেশ থেকে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার স্থানীয় একটি আদালত তার এই মুক্তির নির্দেশ দেয়। মুক্তি পেয়ে বুধবার সন্ধ্যায় হাসপাতালের বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শর্মিলা বলেন, এ আনন্দে আমি উল্লসিত হলেও তার মানে এই নয় যে আমি আমার অনশন থেকে ফিরে আসবো, বরং গণতন্ত্রের জন্য তা চালিয়েই যাবো। শর্মিলার আইনজীবী মানি খাইদেম জানান, আদালত তাকে মুক্তি দিয়েছে। অনশন করার কারণে ছানুর বিরুদ্ধে আত্মহত্যা চেষ্টার অভিযোগ আনা যায় না বলে বিচারক মত দিয়েছেন। মামলার অভিযোগের ভিত্তিতে মনিপুরের রাজধানী ইম্ফলের একটি সরকারি হাসপাতালে আটক রাখা হয় শর্মিলাকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া সেখানে কাউকে তার সঙ্গে দেখা করতে দেয়া হয়নি। নাকে নল ঢুকিয়ে হাসপাতালে তরল খাবার খাওয়ানো হয়েছে।