তিন খান ইদানীং নিজেদের গালাগাল দিতেই ব্যস্ত, তোরা একটু থাম প্লিজ :রণবীর

আপডেট : ২১ আগস্ট ২০১৪, ২১:০৯
বলিউডের বাঘা বাঘা নির্মাতারা যা করতে পারেননি এবার তা-ই করতে চাইছেন রণবীর কাপুর! তিন খানকে এক করার ইচ্ছা পোষণ করেছেন বলিউডের এই অভিনেতা। শাহরুখ খান, আমির খান ও সালমান খানকে নিয়ে একটি শর্ট ফিল্ম নির্মাণের পরিকল্পনা করছেন তিনি! খুব সিরিয়াসলিই তিনি এটি তৈরি করতে চান। আর এটি তৈরি করার জন্য একটি মহত্ উদ্দেশ্যও রয়েছে তার। রণবীর বলেন, ‘তিন খান আমাদের ভারত বর্ষের অমূল্য সম্পদ। কিন্তু ওরা শিশুদের মতো একে অপরকে ইদানীং গালাগালে ব্যস্ত। খুদা কি দুহাই তোরা থাম।’ সাংবাদিকদের সামনে এই মন্তব্য করলে সকলেই সমস্বরে হেসে ওঠে।। সম্প্রতি মুম্বাইয়ের এক ডিজিটাল মিউজিক কোম্পানিতে রণবীর বলেন, ‘এটা ৮ মিনিটের একটা শর্ট ফিল্ম হবে যেখানে শাহরুখ, আমির এবং সালমান পাশাপাশি বসে কথা বলছেন। তাদের সাফল্য, ভক্তদের জন্য তারা যা করেছেন। সত্যি কথা বলতে তাদের তিনজনকে একসাথে দেখাটাই অনেক বড় ব্যাপার। যুগের পর যুগ মানুষ তাদের মনে রাখবে। এজন্যই আমি যদি তাদের নিয়ে শর্ট ফিল্ম নির্মাণের সুযোগ পাই, আমি করব।’ ৩১ বছর বয়সী বলিউডের এই অভিনেতা শুরুতে তার দাদা রাজ কাপুরকে নিয়ে শর্ট ফিল্ম নির্মাণ করতে চেয়েছিলেন। এ প্রসঙ্গে রণবীর বলেন, ‘রাজ কাপুরের জীবন নিয়ে শর্ট ফিল্ম নির্মাণ করা রীতিমতো অসম্ভব। যদিও আমি শুরুতে ভেবেছিলাম দাদাকে নিয়ে শর্ট ফিল্ম নির্মাণ করব কিন্তু পরবর্তীতে বুঝতে পারি যে তার জীবনী নিয়ে কাজ করতে গেলে আমার কমপক্ষে ৫০০ ঘণ্টা প্রয়োজন।’