নন্দীগ্রামে সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ

আপডেট : ২১ আগস্ট ২০১৪, ২১:২৮
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৩০ কিলোমিটার পাকা সড়কের বেহাল দশার কারণে সীমাহীন জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করছে ভারী যানবাহন। ফলে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন। সরেজমিনে বিভিন্ন রাস্তা ঘুরে দেখা গেছে, সড়কগুলোর ভয়াবহ চিত্র। পাকা রাস্তাগুলোর মধ্যে উপজেলার জনগুরুত্বপূর্ণ কাথম-কালিগঞ্জ সড়কের শিমলা মোড় থেকে মণিনাগ, বেলঘরিয়া থেকে নামুইট, ভাটরা থেকে পন্ডিতপুকুর, নন্দীগ্রাম-শেরপুর সড়কের কৈগাড়ী মোড় থেকে বেলঘরিয়া, কদমকুড়ি মোড় থেকে ধুন্দার বাজার, পৌর শহরের হিন্দুপাড়া মোড় থেকে ঢাকুইর মোড়, বেলঘরিয়ার শেষ সীমানা হতে নামুইটের তিনমাথা, ওমরপুর হতে ডেরাহার তিনমাথা পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার পাকা রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কগুলোর বিভিন্ন স্থানে অসংখ্য ছোট-বড় গর্ত সৃষ্টি হয়েছে। কিছুটা মেরামত করা হলেও কার্পেটিংয়ের কাজ এখনো করা হয়নি। এবিষয়ে উপজেলা প্রকৌশল কর্মকর্তা আবুল কাশেমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সড়কগুলো বগুড়া সড়ক ও জনপথ বিভাগ(সওজ)র আওতাধীন। রক্ষণাবেক্ষণের দায়িত্বও তাদেরই। এব্যাপারে বগুড়া সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের কর্মকর্তাদের মুঠোফোনে বার বার ফোন করেও তাদের কোনো বক্তব্য পাওয়া হয়নি।