মাগুরায় পেঁপে চাষ করে ২ হাজার কৃষক স্বাবলম্বী

আপডেট : ২১ আগস্ট ২০১৪, ২১:২৮
মাগুরায় পেঁপে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছে কৃষকরা। পেঁপের দাম ভালো হওয়ায় ২ হাজার কৃষক স্বাবলম্বী হয়েছে। প্রতিদিন জেলা থেকে ২/৩ ট্রাক পেঁপে ঢাকা, বরিশালসহ বিভিন্ন জেলায় চালান যাচ্ছে। ফলে জেলায় পেঁপে চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। জেলার চারটি উপজেলা সদর, শ্রীপুর, মহম্মদপুর ও শালিখায় প্রায় ৫ হেক্টর জমিতে পেঁপে চাষ হয়েছে। এদের মধ্যে সদরের নড়িহাটি, শ্রীকুণ্ঠি, মালিক গ্রাম, বুজরুক শ্রীকুণ্ঠি, রামনগর, কালীনগর, শ্রীপুরের বারইপাড়া, হাজরাতলাসহ বিভিন্ন গ্রামে বাণ্যিজিকভাবে পেঁপের চাষ হয়েছে। এবার পেঁপের ফলন বেশ ভালো হয়েছে। পাইকারী প্রতিমণ (৪০ কেজি) ৩৫০ টাকা থেকে ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। খুচরা বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৮ টাকা থেকে ২০ টাকা পূর্বে দাম কমায় কৃষকরা পেঁপে বিক্রি করে তেমন লাভবান না হলেও বর্তমানে দাম ভালো হওয়ায় লাভবানের পাশাপাশি স্বাবলম্বী হচ্ছেন।