চাটমোহরে আমদানিকৃত সার ব্যবহার করে বিপাকে কৃষক

আপডেট : ২১ আগস্ট ২০১৪, ২১:২৯
চাটমোহর বাজারে দেশীয় কারখানার ইউরিয়া সার না পেয়ে কৃষকরা চায়না থেকে আমদানিকৃত ‘গ্রানুলার ইউরিয়া’ সার ব্যবহার করে কোন ফল পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। উপজেলার বিলচলন ইউপির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, ইম্পোর্ট ইউরিয়া সার কিনে ২ বিঘা জমিতে ব্যবহার করে কোন ফল পাওয়া যায়নি। এতে ধান গাছ হলুদ বর্ণ ধারণ করেছে। চলতি বছর উপজেলায় প্রায় ৬ হাজার হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। উপজেলায় সারের কোন ঘাটতি না থাকলেও দেশীয় কারখানার সার সংকট রয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা রওশন আলম জানান, ধানের গাছ হলুদ হয়ে যাচ্ছে এটা সঠিক না। তবে ইম্পোর্ট সারের গুণগতমানের অভাব থাকতে পারে। বাফার (বাঘাবাড়ি) দায়িত্বশীল কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।