সাবেক উইকেটরক্ষক সৈয়দ কিরমানি ভারতীয় দলের ডিরেক্টর হিসেবে রবি শাস্ত্রীর নিয়োগকে স্বাগত জানিয়েছেন। তবে তিনি বলেন, স্বাভাবিকভাবেই দলের পারফরমেন্স নির্ভর করে অধিনায়ক ও খেলোয়াড়দের উপর। সাংবাদিকদের কিরমানি বলেন, ‘ক্রিকেট অপারেশনস, প্রধান কোচ অথবা বোলিং কোচ কিংবা যে কোন পদে ক, খ, গ বা ঘ যাকেই বসানো হোক- এমন পরিবর্তন ভাল। কিন্তু সব কিছুই নির্ভর করে অধিনায়ক ও তার দলের পারফরম্যান্সের উপর।’ প্রধান কোচ অথবা কোন ডিরেক্টর ছাড়াই ভারত ১৯৮৩ বিশ্বকাপ জিতেছিল বলে উল্লেখ করেন কিরমানি। ‘এ সকল (নিয়োগ) এই মহান খেলাটিতে একটি বাড়তি পেশা। আমাদের সময়ে কোন কোচ কিংবা সাপোর্টিং স্টাফ না থাকা সত্ত্বেও আমরা বিশ্বকাপ জয় করেছিলাম।’ তিনি আরো বলেন, ‘এই মুহূর্তে ভারতীয় দলটি অত্যন্ত খারাপ সময় অতিবাহিত করছে, ঠিক যেমনটা ১৯৮৩ বিশ্বকাপ জয়ের আগে ভারতীয় দলের অবস্থা ছিল। এমন অবস্থায় সব কিছু নির্ভর করে অধিনায়ক ও দলের পারফরমেন্সের উপর।’
