দেশে ক্যান্সারে মারা যায় বছরে আড়াই লাখ রোগী

আপডেট : ২১ আগস্ট ২০১৪, ২২:০১
আন্তর্জাতিক সম্মেলনে তথ্য বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩ লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে এবং এরমধ্যে প্রায় আড়াই লাখ মৃত্যুবরণ করে। বুধবার ঢাকায় মেডিক্যাল ফিজিসিস্টদের ৩দিনব্যাপী ২য় আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। বাংলাদেশে মেডিক্যাল ফিজিক্স শিক্ষা ও ক্যান্সার চিকিত্সায় মেডিক্যাল ফিজিসিস্টদের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করার লক্ষ্যে বাংলাদেশ মেডিক্যাল ফিজিক্স সোসাইটি, এ্যাসোসিয়েশন অফ মেডিক্যাল ফিজিক্স অফ ইন্ডিয়া ও নেপালিজ এ্য্যাসোসিয়েশন অফ মেডিক্যাল ফিজিস্টসের যৌথ উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) শহীদ ডা. মিলন হলে এ আন্তর্জাতিক সম্মেলনের চেয়ারপারসন জার্মানির কোলন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গোলাম আবু জাকারিয়া এবং অর্গানাইজিং সেক্রেটারি বাংলাদেশ মেডিক্যাল ফিজিক্স সোসাইটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ড.হাসিন অনুপমা আজহারী এ সময় উপস্থিত ছিলেন। এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. ফার্দিন্যান্ড ফন ভেয়ে ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া-ওসানিয়া ফেডারেশন অফ অর্গানাইজেশনস ফর মেডিক্যাল ফিজিক্সের প্রেসিডেন্ট অধ্যাপক ড. ইয়িমিন হু এবং বাংলাদেশ একাডেমি অব সায়েন্সস-এর প্রেসিডেন্ট ও গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মেসবাহ্উদ্দিন আহমদ। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিক্যাল ফিজিক্স সোসাইটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও সম্মেলন আয়োজক কমিটির সেক্রেটারি ড. হাসিন অনুপমা আজহারী। এ সম্মেলনে বাাংলাদেশ, চীন, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, মেক্সিকো, অস্ট্রিয়া, সুইডেন, অস্ট্রেলিয়া, কানাডা, ইন্ডিয়া, শ্রীলংকা, ইন্দোনেশিয়া, লেবানন, জাপান, নেপাল, পোল্যান্ড ও পাকিস্তান থেকে ক্যান্সার বিশেষজ্ঞসহ প্রায় ৩৫০ জন প্রতিনিধি মোট ১৮টি সায়েন্টিফিক সেশন-এ অংশ নিচ্ছেন।