প্রয়াত অর্থনীতিবিদ অধ্যাপক ড. মোজাফফর আহমদ ও ড. স্বদেশ রঞ্জন বোসকে মরণোত্তর সম্মাননা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ দুই অর্থনীতিবিদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননার স্বর্ণপদক ও পুরস্কারের চেক তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
উন্নয়ন অর্থনীতিতে অবদানের স্বীকৃতি হিসেবে দেশের গুণী অর্থনীতিবিদদের এ সম্মাননা দিয়ে থাকে বাংলাদেশ ব্যাংক। ২০০০ সালে প্রথম এ সম্মাননা দেয়া শুরু হয়। ৮ বছর বন্ধ থাকার পর ২০০৯ থেকে আবার সম্মননা দেয়া শুরু হয়।
বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পিকেএসএফের চেয়ারম্যান অর্থনীতিবিদ কাজী খলিকুজ্জামান আহমেদ, বিআইডিএসের মহাপরিচালক ড. মোস্তফা কে মুজেরী, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা, সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ, বিআইবিএমের মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে ড. মোজাফফর আহমদের স্ত্রী ড. রওশন জাহান, কন্যা সোহেলি নাজনিন এবং ড. স্বদেশ রঞ্জন বোসের স্ত্রী নূরজাহান বোস প্রয়াত এ দুই অর্থনীতিবিদ সম্পর্কে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন।
