দেশের পাবলিক পরীক্ষাসমূহ পরিচালনা, প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা সম্পর্কিত অন্যান্য অপরাধ প্রতিরোধের জন্য বিদ্যমান আইন সংশোধনে সংশ্লিষ্ট সবার পরামর্শ ও মতামত চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো, ‘দ্য পাবলিক এক্সামিনেশনস (অফেন্স) ১৯৮০ (অ্যামেন্ড ১৯৯২) অ্যাক্ট’ সংশোধনের উদ্যোগ গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। সংশোধন প্রক্রিয়া অধিকতর যথাযথ করার জন্য এ বিষয়ে সংশ্লিষ্ট সকল মহলের পরামর্শ ও মতামত গ্রহণের লক্ষ্যে বিদ্যমান আইনটি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের বিজ্ঞজনদের পরামর্শ ও মতামত আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের ই-মেইল ([email protected]) অথবা হার্ড কপি সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। বিজ্ঞজনদের সুচিন্তিত মতামত পাওয়া গেলে তা পরীক্ষা-নিরীক্ষাপূর্বক শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে।
