ইউক্রেনে রুশপন্থি বিদ্রোহীদের উপড়ে ফেলা হবে

আপডেট : ২২ আগস্ট ২০১৪, ২১:১০
ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো বলেছেন তিনি মিনস্কে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে শান্তি আলোচনায় ক্রেমলিনপন্থি বিদ্রোহীদের যুদ্ধ বিধ্বস্ত পূর্ব ইউক্রেন থেকে পুরোপুরি প্রত্যাহারের দাবি জানাবেন। তিনি বলেন, তার দেশের সশস্ত্র রুশপন্থি বিদ্রোহীদের উপড়ে ফেলা হবে। খবর টাইমস অব ইন্ডিয়ার। সম্প্রতি বিদ্রোহীদের দমনে ইউক্রেনের সেনাবাহিনী উল্লেখযোগ্য সফলতা লাভ করছে। পোরোশেঙ্কোর এই জোরালো বক্তব্য তারই প্রতিফলন। বৈঠকে বসার আগে সেনাবাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান তীব্রতর করেছে। এদিকে ত্রাণবাহী রাশিয়ান বিশাল একটি বহর ইউক্রেন সীমান্তের দিকে ধীরে-ধীরে এগিয়ে যাচ্ছে। ইউক্রেনের কাস্টমস কর্তৃপক্ষ বহরের গাড়িগুলো পরীক্ষা শুরু করেছে। ত্রাণবাহী গাড়িগুলো ঢুকতে দেয়া হবে কিনা তা নিয়ে এক সপ্তাহ ধরে তর্ক-বিতর্ক চলছিল। ইউক্রেনের কর্তৃপক্ষ সন্দেহ করছিল গাড়িগুলোতে সামরিক সরঞ্জাম থাকতে পারে। তাছাড়া ইউক্রেন ও পশ্চিমা বিশ্বের আশংকা ত্রাণ বহরে হামলার অজুহাত তৈরি করে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালাবে। এদিকে বিদ্রোহীদের অবস্থা শোচনীয় হয়ে পড়ায় রাশিয়া তাদের সাহায্য সহযোগিতা বাড়িয়েছে। পশ্চিমারা আশংকা করছে রাশিয়া শেষ পর্যন্ত সরাসরি ইউক্রেনে দখলাভিযান চালাতে পারে।