সৌদি আরবে নাস্তিকদের
‘সন্ত্রাসী’ ঘোষণা
ধর্ম নিরপেক্ষদের নাস্তিক আখ্যায়িত করে তাদের সন্ত্রাসী গণ্য করে নতুন আইন পাস করেছে সৌদি সরকার। ধর্মীয় উগ্রপন্থি গোষ্ঠী ইয়েমেনের আল কায়েদা শাখা ও সৌদি হিজবুল্লাহকে সন্ত্রাসী ঘোষণা করে দেশটিতে যে অধ্যাদেশ জারি করা হয়েছে, ধর্মনিরপেক্ষ আদর্শে বিশ্বাসীদেরকেও একই আইনে অন্তর্ভুক্ত করেছেন বাদশাহ আব্দুল্লাহ। ওই আইনে দোষীদেরকে ২০ বছরের কারাদণ্ড দেয়ার বিধান রাখা হয়েছে। যে সব সৌদি নাগরিক বিদেশের মাটিতে যুদ্ধ করতে যাবেন, তারা এই আইনে অভিযুক্ত হবেন। বিদেশের মাটিতে বলতে সিরিয়া ও অন্যান্য এলাকায় ইসলামি চরমপন্থিদের দিকে ইঙ্গিত করা হয়েছে। -রয়টার্স
নীতি না মেনে শিশুখাদ্য
তৈরি হলে রেস্তোরাঁ বন্ধ
নিউইয়র্ক নগরীর এক কাউন্সিলম্যান যে সব রেস্তোরাঁ খাদ্যনীতি না মেনে শিশুদের জন্য খাবার তৈরি করে সে সব রেস্তোরাঁ বন্ধ করে দেয়ার পক্ষে। বৃহস্পতিবার ডেমোক্রেট দলের বেন ক্যালোস একটি বিল উত্থাপন করেন। এতে ৫শ’ ক্যালোরির বেশি বা ৬শ’ মিলিগ্রামের বেশি সোডিয়ামযুক্ত শিশুদের খাবার নিষিদ্ধ করার বিধান রাখা হয়েছে। বিলটিতে খাদ্য নীতিমালা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে জরিমানার প্রস্তাব রাখা হয়েছে। কেউ প্রথমবার এই নীতিমালা লংঘন করলে তাকে ২শ’ মার্কিন ডলার থেকে ৫শ’ মার্কিন ডলার, দ্বিতীয়বার এক হাজার মার্কিন ডলারের বেশি এবং এরপর আড়াই হাজার মার্কিন ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে। - এএফপি
