রংপুর তারাগঞ্জ থানা রোড সড়কে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই সড়কটিতে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে সড়ক। স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও জনসাধারণকে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়াও সড়কটিতে ধারণক্ষমতার চেয়ে ভারি যানবাহন ও ইট-বালির ট্রাক্টর, ট্রলিসহ ধারণক্ষমতার অতিরিক্ত যানবাহন চলাচল করায় সড়কের মাঝখানে অসংখ্য গর্ত হয়েছে।
জনদুর্ভোগ লাঘবে এলাকাবাসী এরই মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যানকে সড়কটি সংস্কারের জন্য আবেদন জানিয়েছেন। এব্যাপারে উপজেলা চেয়ারম্যান আনিছুর রহমান লিটন জানান, স্থানীয় জনসাধারণের আবেদন পেয়ে সড়কটি সরেজমিনে তদন্ত করেছি। শীঘ্রই জনদুর্ভোগ লাঘবে সড়কটির সংস্কার কাজ করা হবে।
