বাবুগঞ্জে ভাঙ্গন রোধে অর্থের অপচয়!

আপডেট : ২২ আগস্ট ২০১৪, ২১:১৭
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া ও বাহেরচর গ্রাম এবং মহিষাদী গ্রাম সুগন্ধা নদীর ভাঙ্গন প্রবল আকার ধারণ করেছে। গত ১ মাসে এই পয়েন্টে নদী ভাঙ্গনে বিলীন হয়েছে ১২০টি পরিবারের বসত ভিটা। এ ছাড়াও নদীর গর্ভে চলে গেছে আবাদি জমি গাছপালা ও মূল্যবান সম্পদ। ফলে হুমকির মুখে পড়েছে নদী রক্ষা বাঁধ, স্কুল-কলেজ,বাজার,মসজিদসহ ৪ গ্রামের প্রায় সহস্রাধিক পরিবার। ভাঙ্গন রোধে বরাদ্দ না থাকার অজুহাতে পানি উন্নয়ন বোর্ড এতদিন বসে থাকলেও ভরা বর্ষা মৌসুমে তারা নড়েচড়ে বসেছে। ভাঙ্গন রোধে হাতে নিয়েছে ইমার্জেন্সি ওয়ার্ক। ৫০ লক্ষ টাকায় দুটি প্রকল্পের মাধ্যমে তড়িঘড়ি করে শুরু করা হয়েছে পানিতে জিও ব্যাগ ভর্তি বালুর বস্তা ও বাঁশের খাঁচা নিক্ষেপের কাজ। নিম্নমানের এ কাজে ঠেকানো যাচ্ছে না ভাঙ্গন। নদীর তীরবর্তী ভুক্তভোগী লোকজনের অভিযোগ জরুরি কাজের নামে অর্থের লোপাট হবে। কাজের কাজ কিছুই হবে না।