সংবাদ সংক্ষেপ

আপডেট : ২২ আগস্ট ২০১৪, ২১:২১
গাজায় হামলার প্রতিবাদে মদনে বিক্ষোভ মদন (নেত্রকোনা) সংবাদদাতা\ নেত্রকোনা মদনে গাজায় ইসরাইলী বাহিনীর হামলা ও গণহত্যার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জাহাঙ্গীরপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জামে মসজিদের সামনে মসজিদের ইমাম মুফতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ রফিকুল ইসলাম গাজী, মাহাবুব খান, আবু তাহের আজাদ, নূরুল আমিন ভুঁইয়া, বাচ্চু মিয়া প্রমুখ। আটোয়ারীতে পূজা মণ্ডপের নতুন কমিটি গঠন আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা \ পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা সদর পূজা মণ্ডপের নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার সদর দুর্গা মন্দির প্রাঙ্গণে আসন্ন দুর্গাপূজা উদযাপনসহ বিবিধ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পূজা উদযাপন কমিটির উপদেষ্টা দীনেশ চন্দ্র বর্মনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফকিরগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী কমলেশ চন্দ্র ঘোষ, সাবেক ইউপি সদস্য হরেন্দ্র নাথ ঘোষ, ব্যবসায়ী চিত্র রঞ্জন ঘোষ, জীতেন্দ্র নাথ বর্মন মাস্টার প্রমুখ। পাথরঘাটায় শস্য কর্তন অনুষ্ঠান পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা \ বরগুনা পাথরঘাটায় শস্য কর্তন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা কালমেঘা ইউনিয়নের ছোনবুনিয়া গ্রামে বেসরকারি সংস্থা ব্র্যাকের কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় কর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত হোসেন সরকার, উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা মেহেদী হাসান ও এলাকার কৃষকবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত হোসেন সরকার বলেন, ‘কৃষকরা যেভাবে কৃষি কাজে ঝুঁকে পড়েছে তাতে একদিন বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে।’ শিবগঞ্জ সীমান্তে বিজিবির মতবিনিময় সভা শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ শুক্রবার মাসুদ ঠুঠাপাড়া বিওপির বিজিবির উদ্যোগে মাসুদপুর ঠুঠাপাড়া দাখিল মাদ্রাসা মাঠে গরু ব্যবসাসহ সীমান্ত এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে এলাকার বিভিন্ন পেশার জনসাধারণকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিজিবি চাঁপাইনবাবগঞ্জ ৯ ব্যাটালিয়নের অধিনায়ক আবু জাফর শেখ মোহাম্মদ বজলুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন বিজিবির ৯ ব্যাটালিয়ন চাঁপাইনবাবগঞ্জ এর ডিটেন্স কমান্ডার মোহাঃ শামসুল হক, মাসুদপুর ঠুঠাপাড়া বিওপি কমান্ডার মোহাঃ বাশেদুল ইসলাম রাশেদ। ফুলবাড়িতে আড়াই লাখ টাকার অবৈধ পণ্য জব্দ ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা \ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি দিনাজপুরের ফুলবাড়ি ৪০ ব্যাটালিয়নের সদস্যরা একদিনের ব্যবধানে গতকাল শুক্রবার সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১ লাখ ৩৪ হাজার ৯৪৫ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ করেছে। তবে এর সাথে জড়িত কাউকেই গ্রেফতার করতে পারেনি তারা। বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ফুলবাড়ি ৪০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদুর রশিদ বলেন, ফুলবাড়ি রেল স্টেশনসহ বিরামপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা উল্লেখিত অংকের চোরাচালানী পণ্য জব্দ করেছে। বঙ্গবন্ধুর সমাধিতে মহিলা সংস্থার শ্রদ্ধা নিবেদন গোপালগঞ্জ প্রতিনিধি \ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাত্ বার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় মহিলা সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম। শুক্রবার তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকার পর পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করেন। এ সময় জাতীয় মহিলা সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিচালক এ্যাড. নাজনীন বেগম, যুগ্ম সচিব আনোয়ারা বেগম, মীম পারভীন, পরিচালন সরদার মো. আমিনুল ইসলাম, মোহাম্মদ নাজিমউদ্দিন, খালেদ মো. আবু নাসের, শশাঙ্ক শেখর ভৌমিক, টুঙ্গীপাড়া পৌরসভার মেয়র মো. ইলিয়াস হোসেন, মাহামুদা বেগমসহ ৬৪ জেলার জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। সাতক্ষীরায় জাল নোটসহ আটক ১ সাতক্ষীরা প্রতিনিধি \ সাতক্ষীরার মাধবকাটি বাজারে র্যাব-৬-এর সদস্যরা অভিযান চালিয়ে দশ হাজার টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে আটক করেছে। আটক ব্যক্তির নাম মিলন হোসেন(২৮)। সে সদর উপজেলার মাধবকাটি বাজারের আব্দুল বারীর ছেলে। র্যাব সাতক্ষীরার ক্যাম্প কমান্ডার এএসপি কাজেমুর রশিদের নেতৃত্বে র্যাব সদস্যরা সদর উপজেলার মাধবকাটি বাজারে অভিযান চালিয়ে শুক্রবার এক হাজার টাকার ১০টি জাল নোটসহ মিলনকে আটক করে। গোপালপুরে বিনামূল্যে চক্ষু চিকিত্সা শিবির গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ পৌরশহরের কোনাবাড়ি গোল্ডেন ক্লাবের উদ্যোগে দিনব্যাপি বিনামূল্যে চক্ষু চিকিত্সা শিবির শুক্রবার অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার। খাজা ইউনুস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহযোগি অধ্যাপক এবং চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. শহীদুর রহমান শাহীন তিন শতাধিক দরিদ্র রোগীর বিনামূল্যে চিকিত্সা দেন। রায়পুরায় মুসল্লিদের বিক্ষোভে পুলিশের বাধা রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা \ ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের মুসলমানদের উপর বর্বোরোচিত হামলার প্রতিবাদে গতকাল শুক্রবার বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন রায়পুরা শাখা। এতে অংশ নেয় উপজেলার বিভিন্ন এলাকার সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি। সদর এলাকার হাসিমপুর রোড সিএনজি স্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মুসল্লিগণ বের হলে পুলিশ এতে বাধা প্রদান করেন। এসময় বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে কথা কাটাকাটি হয়। শিল্পকলা একাডেমির উদ্যোগে কসবায় সেমিনার কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ গতকাল শুক্রবার উপজেলার শিল্পকলা একাডেমির উদ্যোগে, শুদ্ধ বাংলা উচ্চারণ ও বানান বিধির উপর সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান অধ্যাপিকা শিরিন সুলতানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও শিল্পকলা একাডেমির সদস্য সচিব মোস্তাফা মাহমুদ সারোয়ার। সুন্দরগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ উপজেলায় বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও জাতীয় সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও আবু রাফা মোহাম্মদ আরিফ, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল হক প্রধান, সমাজসেবা অফিসার শামসুজ্জোহা প্রমুখ। দাউদকান্দির পল্লীতে বিদ্যুত্ সংযোগ উদ্বোধন দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা \ দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের দক্ষিণ কাউয়াদি গ্রামে বিদ্যুত্ সংযোগ উদ্বোধন করা হয়। পাঁচগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যুত্ সংযোগ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া। সভাপতিত্ব করেন দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মঈন উদ্দীন চৌধুরী। বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হাসেম সরকার, দাউদকান্দি প্রেসক্লাব সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব। কাউখালীতে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা \ পিরোজপুর কাউখালীতে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বরিশাল বিভাগীয় সভাপতি দাসগুপ্ত আশীষ কুমার সম্মেলন উদ্বোধন করেন। উপজেলা পরিষদ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা পরিষদ মিলনায়তনে তপন চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কামরুজ্জামান মিঠু, শিক্ষক নেতা মজিবর রহমান। সাতক্ষীরায় বৃক্ষ মেলা উদ্বোধন সাতক্ষীরা প্রতিনিধি \ “অধিক বৃক্ষ, অধিক সমৃদ্ধি ”— এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০১৪ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ ও কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। র্যালীতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. নাজমুল আহসান। পরে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বৃক্ষ মেলা উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহাসিন আলী। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক নাজমুল আহসান। সোনারগাঁওয়ে প্রকৌশলী সাময়িক বরখাস্ত সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রধান ফটক ধসের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার ফাউন্ডেশনের সভাকক্ষে এক জরুরি সভায় ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। দায়িত্বে অবহেলার কারণে ফাউন্ডেশনের অতিরিক্ত প্রকৌশলী রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মুক্তাগাছায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মী সভা মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা \ মুক্তাগাছায় গতকাল শুক্রবার স্থানীয় জেলা পরিষদ ডাকবাংলোতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মী সভা অনুষ্ঠিত হয়। কমরেড আমেনা খাতুনের সভাপতিত্বে কর্মী সভায় অন্যান্যের মধ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর সমন্বয়ক কমরেড আকবর খান, বাম নেতা কমরেড সালাহউদ্দিন কাদের মুকুল, জেলা কমিটির সভাপতি কমরেড রফিকুল ইসলাম রবি, বিপ্লবী ছাত্র সংহতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, কমরেড খুরশেদ আলম, ডা. সৈয়দ মামুনুর রশিদ, ছাত্র সংহতি নেতা রাফায়েল সাংমা, সুবীর সাংমা প্রমুখ বক্তব্য রাখেন। গাজায় গণহত্যার প্রতিবাদে ছাগলনাইয়ায় মানববন্ধন ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা \ ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে গতকাল শুক্রবার বাদ জুমা ছাগলনাইয়া পৌর শহরে বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশন (বিএমপিএফ) এর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশনের কেন্দ্রীয় মহাসচিব মোঃ মোস্তফা। বিএমপিএফ’র ছাগলনাইয়া পৌর শাখার সভাপতি সাখাওয়াত হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আবদুল কাদের জেহাদী, মাওলানা মোঃ ইসমাইল হোসেন টুমচরী। সুনামগঞ্জে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল এক শিক্ষার্থী সুনামগঞ্জ প্রতিনিধি\ সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী পলি আক্তার প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল। শুক্রবার স্থানীয় প্রশাসন তার বিয়ে বন্ধের ব্যবস্থা করে। পলি সুনামগঞ্জ শহরের আতিকুর রহমানের মেয়ে। সুনামগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক ফরিদ জানান, বাল্যবিয়ের খবর পেয়ে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অসীম কুমার সাহাকে বিয়েটি বন্ধ করার নির্দেশ দেন। বঙ্গবন্ধুর শাহাদাত্বার্ষিকী উপলক্ষে বেতাগীতে আলোচনা সভা বেতাগী (বরগুনা) সংবাদদাতা \ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯ তম শাহাদাত্বার্ষিকী উপলক্ষে শুক্রবার বেতাগী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে প্রথমবারের মত আনুষ্ঠানিকভাবে আলোচনা সভা, দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। উপজেলা কমান্ডার ও আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল ওয়াজেদ হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকত হাচানুর রহমান রিমন, বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা হুমায়ূন কবির হিরু, উপজেলা চেয়ারম্যান শাহজাহান কবির, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনির হোসেন হাওলাদার। নওগাঁয় ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগাঁ প্রতিনিধি \ নওগাঁর সাপাহারে শুক্রবার পাতাড়ি গ্রামে র্যাব অভিযান চালিয়ে ১৯৩ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে: সাপাহার উপজেলার পাতাড়ি গ্রামের আলাউদ্দিনের ছেলে হুমায়ন কবির (৩২) এবং খাবির আলীর ছেলে আরব আলী (২৫)। র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুর রহিম জানান, উপজেলার পাতাড়ি গ্রামে অভিযান চালানো হয়। ওই সময় ১৯৩ বোতল ফেন্সিডিলসহ হাতে-নাতে মাদক ব্যবসায়ী হুমায়ন কবির ও আরব আলীকে গ্রেফতার করা হয়। সরাইলে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি\ গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া সরাইলে অস্ত্রসহ ছয় ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। ডাকাতির প্রস্তুতিকালে সরাইল-নাসিরনগর সড়কের বড্ডাপাড়া খাদ্য গুদাম সংলগ্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো: কালন, তকদির হোসেন, আবদুল লতিফ, সোহেল, সুমেল ও দানু। তাদের বাড়ি নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের গুজিয়াখাইল গ্রামে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ছয়টি ছুরি, দু’টি রামদা ও তিনটি বল্লম উদ্ধার করা হয়েছে। পাঁচবিবিতে অতিরিক্ত মদপানে আদিবাসীর মৃত্যু পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা\ বৃহস্পতিবার জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার গোপালপুর এলাকার একটি কলাবাগানে অতিরিক্ত মদপানে বাবলু নামের এক আদিবাসী মারা গেছে। উপজেলার জলপাইতলী গ্রামের আদিবাসী পচা ঘাসির পুত্র বাবলু অতিরিক্ত মদপান করে বাড়ি ফিরছিল। সিলেটে সাংবাদিকের মুক্তি দাবিতে মানববন্ধন সিলেট অফিস \ সিলেটের সিনিয়র সাংবাদিক, দৈনিক মানবজমিনের বিশেষ প্রতিনিধি চৌধুরী মুমতাজ আহমদকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। বৃহস্পতিবার নগরীর শেখঘাটস্থ জিতু মিয়ার পয়েন্টে এই কর্মসূচির আয়োজন করেন সাংবাদিক মুমতাজের এলাকাবাসী। মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, সিলেটের সম্ভ্রান্ত পরিবারের সন্তান, সাংবাদিক চৌধুরী মুমতাজ আহমদকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। সাজানো ঘটনায় তাকে জড়ানোর অপচেষ্টা চলছে। তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় এলাকাবাসীর পক্ষ থেকে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।