পাকিস্তানের শেষ ওয়ানডে খেলার নজির ঘাটতে ফিরে যেতে হবে গত মার্চে। ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে সেবারও কাকতালীয় ভাবে প্রতিপক্ষ ছিল এই শ্রীলঙ্কাই। সেই অর্থে, আজ হাম্বানটোটায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটা পাকিস্তানের জন্য প্রতিশোধের মিশন।
কিন্তু, প্রতিশোধের ম্যাচের আগে মানসিক ভাবে বেশ খানিকটা পিছিয়েই থাকবে মিসবাহ উল হকের দল। এর প্রথম কারণটা অবশ্যই সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজের ফলাফল। মাহেলা জয়াবর্ধনের বিদায়ী টেস্টে ২-০ তে হারের পর কিংবদন্তীর শেষটা আলোকিত হয়েছে বটে, তবে পাকিস্তানের হাসিটা মিলিয়ে গেছে।
তার উপর মরার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে অফ স্পিনার সাঈদ আজমলের অনুপস্থিতি। প্রথম টেস্ট চলাকালীন সময় ম্যাচ অফিসিয়ালরা এই তারকা স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি তুলেছিলেন। ছাড়পত্র পাওয়ার পরীক্ষা দিতে চলে গেছেন অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। তাই আজকের ম্যাচ তো বটেই অনিশ্চয়তা আছে আগামী ২৭ আগস্টের ম্যাচ নিয়েও। যদিও পাকিস্তান টিম ম্যানেজমেন্ট আশা করছে দ্বিতীয় ম্যাচের আগেরদিনই দলের সাথে যোগ দেবেন তিনি। তার বদলে আজকের ম্যাচে খেলবেন বামহাতি অফ স্পিনার জুলফিকার বাবর।
অনেকটা একই রকম কারণে স্বাগতিকরাও বোলিং আক্রমণ সাজাতেই বেশি সময় ব্যয় করছে। বেআইনি বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ বোলার সচিত্র সেনানায়েকের উপরই এতো দিন তারা নির্ভর করে এসেছে। স্কোয়াডে নেই আরেক স্পিনার অজন্তা মেন্ডিসও। টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিং করা রঙ্গনা হেরাথকেই তাই মূল দায়িত্ব নিতে হবে। এছাড়া আরও আছেন সেকুগ্গে প্রসন্ন ও ২০১১ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা সুরাজ রনদ্বীপ।
বোলিংয়ের প্রসঙ্গ বাদ দিলে ব্যাটিং লাইন আপটা দু’দলের জন্যই বেশ মজবুত। লঙ্কানরা তাদের ‘বিগ থ্রি’—কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে ও তিলকারত্নে দিলশানকে এক সাথে পাচ্ছে এই সিরিজে। থাকবেন এশিয়া কাপের ফাইনালে সেঞ্চুরি করা লাহিরু থিরিমান্নেও। পাকিস্তানের বিপক্ষে তার গড় ৪৭.৬৬। টেস্ট খেলুড়ে দেশগুলোর বিপক্ষে এক বাংলাদেশ বাদে পাকিস্তানের বিপক্ষেই তার গড় সবচেয়ে বেশি।
আসন্ন ২০১৫ সালের বিশ্বকাপকে সামনে রেখে ইউনুস খানের মত অভিজ্ঞ ব্যাটসম্যানকে পরীক্ষা করে দেখতে চায় পাকিস্তান। এর বাদে এশিয়া কাপে দলের তরুণ ব্যাটসম্যানরা ছিলেন দারুণ ফর্মে। আহমেদ শেহজাদ, উমর আকমল, ফাওয়াদ আলমরা সেবার সেঞ্চুরি পেয়েছিলেন।
তাই সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে লড়াইটা সহজ হবে না বলেই মনে করছেন লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। টেস্ট সিরিজ জয় ওয়ানডেতে কোন প্রভাব ফেলবে না বলে মনে করে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, ‘আমরা নিশ্চিত যে, ওয়ানডে ম্যাচগুলোতে ভিন্ন এক পাকিস্তানকেই দেখা যাবে। ওরা শক্তভাবে আমাদের চেপে ধরবে। ম্যাচগুলো আমাদের জন্য সহজ হবে না। আমাদের নিজেদের যোগ্যতার সর্বোচ্চ ঢেলে দেয়ার কোন বিকল্প নেই।’
পাকিস্তানের অধিনায়ক মিসবাহ উল হক ম্যাচগুলোকে দেখছেন বিশ্বকাপের আগে নিজেদের অবস্থান যাচাইয়ের সুযোগ হিসেবে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে আমাদের হাতে আসলে খুব বেশি সময় বাকি নেই। এর আগে নিজেদের অবস্থান যাচাইয়ের জন্য এটা আদর্শ সময়। এই ম্যাচগুলোই বলে দেবে আমরা কোন অবস্থানে দাঁড়িয়ে আছি।’
একটা জায়গায় দুদল দাঁড়িয়ে আছে আশ্চর্য রকমের এক সমতায়। দু’দলের মধ্যকার সর্বশেষ নয়টি ম্যাচে দুটি দলই জিতেছে চারটি করে ম্যাচ। আর বাতিল হয়েছে একটি।
এবারকার পাল্লাটা ভারী হতে যাচ্ছে সেটাই দেখার বিষয়!
