চেলসির আরো উন্নতি দেখছেন শুরলে

আপডেট : ২২ আগস্ট ২০১৪, ২১:৫৭
আন্দ্রে শুরলে প্রতিদ্বন্দ্বীদের হুঁশিয়ার করে দিয়ে বলেছেন হোসে মরিনহোর চেলসি আরো ভাল করবে। জার্মান জাতীয় দলের এ খেলোয়াড়টি ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে লিস্টার সিটির মুখোমুখি হওয়ার প্রাক্কালে এ দাবি করেন। চেলসি ছাড়াও আজ শনিবার লিগের আরেক বড় দল আর্সেনাল খেলবে এভারটনের মাঠে। চেলসি গত সোমবার লিগে নিজেদের প্রথম ম্যাচে শুরলে, দুই নবাগত দিয়েগো কস্তা এবং ডিফেন্ডার ব্রানিস্লাভ ইভানোভিচের নৈপুণ্যে বার্নলির বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছিল। কস্তা, সেস্ক ফেব্রেগাস এবং ফিলিপ লুইসকে চুক্তিবদ্ধ করানোয় এবারের মৌসুমে শিরোপা জয়ের দৌড়ে ফেভারিটের তালিকায় আছে চেলসি। বিপক্ষদের সতর্ক করে চেলসি উইঙ্গার শুরলেও বলেছেন তার ক্লাব সামনের দিনগুলোতে আরো ভাল ফুটবল খেলবে। সেই সঙ্গে প্রথম লড়াইয়ে ইংলিশ লিগে নবাগত বার্নলিকে হারানোর পর, দ্বিতীয়টিতেও আরেক উঠে আসা দল লিস্টার সিটির বিরুদ্ধেও একই রকম ফল চায় তারা। সেক্ষেত্রে টানা দুই জয়ে শীর্ষ স্থান সংহত হবে ব্লুজদের। বিশ্বকাপ জেতা শুরলে ক্লাব ফুটবলের জন্যও নিজের শতভাগ ফিটনেসের কথা জানিয়ে বলেন, ‘বিশ্বকাপটা আমি অনেক উপভোগ করেছি। এর ফলে আমি অনেক বেশি আত্মবিশ্বাসও পেয়েছি। খুব বেশি বিরতি পাইনি। এরই মধ্যে চেলসিতে চলে আসলাম। আমি মনে করি এটা আমার জন্য ভাল একটা শুরু। অবশ্যই আমরা আরো ভাল করতে পারবো। আমি যখন শতভাগ ফিট আছি, তাহলে আরো কিছু দেখা যাবে।’ বার্নলির বিপক্ষে দলের পারফরম্যান্সে সন্তুষ্টি ব্যক্ত করেন শুরলে, ‘আমি মনে করি বার্নলিতে আমাদের সমগ্র দলটাই ভাল খেলেছে। খেলায় আমাদের অনেক নিয়ন্ত্রণ ছিল, ভাল পাস খেলেছি আমরা এবং সমন্বয়টাও ভাল ছিল। অনেক মজা করেই খেলেছিলাম আমরা।’ লিচেস্টারের বিপক্ষে চেলসি একচ্ছত্রভাবেই এগিয়ে রয়েছে। পরিসংখ্যানই এর প্রমাণ। এর আগে দল দুটির ছয়টি লড়াইয়ের সবগুলোতেই চেলসি জয় পেয়েছে। লড়াইগুলোতে তারা গোল পেয়েছে ১৩টি। চারম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন মিডফিল্ডার র্যামিরেস। এ ক্ষেত্রে মরিনহোকে সিদ্ধান্ত নিতে হবে আজকের ম্যাচে তিনি কোনো পরিবর্তন আনবেন না প্রথম ম্যাচের জয়ী দলটাই ধরে রাখবেন। লিস্টারের বিপক্ষে খেলার মধ্যদিয়ে চেলসির হয়ে আজ অভিষেক হতে পারে অ্যাথলেটিকো থেকে আসা ডিফেন্ডার ফিলিপেরও। মাঠে নামতে পারেন দ্বিতীয় দফায় চেলসিতে ফেরা দিদিয়ের দ্রগবারও। আগের মেয়াদে ক্লাবটিতে দুরন্ত নৈপুণ্য দেখানো এই স্ট্রাইকারটিকে স্বাগত জানানোর জন্য মুখিয়ে আছে ভক্তরাও। এদিকে, চলতি সপ্তাহেই ইস্তাম্বুলে চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ ম্যাচে স্বাগতিক বেসিকটাসের সঙ্গে গোলশূন্য ড্র করলেও প্রিমিয়ার লিগে আর্সেনালকে হালকা ভাবছেন না স্বাগতিক এভারটনের কোচ রবার্তো মার্টিনেজ। তবে নিজেদের মাঠ গুডিসন পার্কে এপ্রিল মাসে প্রিমিয়ার লিগের খেলায় আর্সেনালকে ৩-০ গোলে হারানোর সুখস্মৃতিটা প্রেরণা হিসেবে নিতে পারে এভারটন। এটা নিজেদের মাঠের বাইরে এটা গানারদের জন্য কঠিন পরীক্ষাও বৈকি। তবে আগের লড়াইয়ের মতো এবারো এভারটন চমক দেখাতে পারবে কি-না এ ব্যাপারে নিশ্চিত নন কোচ মার্টিনেজ। কেননা প্রতিপক্ষ আর্সেনাল একের পর এক খেলার মধ্যে রয়েছে। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে তিনটি ম্যাচ খেলতে যাচ্ছে তারা। এভারটন কোচ বলেন, ‘অভিজ্ঞতা দিয়েই আমি আর্সেনালকে দেখছি এবং আমি জানি তাদের কী আছে। আমি মনে করি না মঙ্গলবার তারা (বেসিকটাসের বিপক্ষে) যা খেলেছে এই ম্যাচে এর কোনো প্রভাব ফেলবে। এরকম পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেয়ার জন্য তাদের যথেষ্ট বড় একটি দল রয়েছে এবং মানসিকভাবেও তারা এই পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে। তবে গত মৌসুমে গুডিসন পার্কে আমরা যেমনটা খেলেছিলাম এবারো তেমনটাই খেলতে চাই। গত মৌসুমের পরাজয়টা বাদ দিলে দল দুটির বাকি পরিসংখ্যান আর্সেনালের পক্ষেই। কেননা ওই ম্যাচের আগে সব ধরনের প্রতিযোগিতায় ১৪টি ম্যাচ খেলে একটিতেও লন্ডনের ক্লাবটিকে হারাতে পারেনি এভারটন। এবারের লিগের শুরুতেও গানাররা এগিয়ে। গত শনিবার ক্রিস্টাল প্যালের বিপক্ষে ২-১ গোলে জয় নিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে তারা। দিনের অপর ম্যাচে লিচেস্টার সিটির বিপক্ষে ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে এভারটন।—সকারওয়ে