ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র নিয়ে সেমিনার অনুষ্ঠিত

আপডেট : ২৩ আগস্ট ২০১৪, ২০:৩৬
দেশব্যাপী গড়ে তোলা ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের সম্ভাবনা এবং এগুলোকে সফল করে তোলার চ্যালেঞ্জ নিয়ে গতকাল এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে এমপাওয়ারিং রুরাল কমিউনিটিজ - রিচিং দ্য আনরিচড :ইউনিয়ন ইনফরমেশন অ্যান্ড সার্ভিস সেন্টার প্রজেক্ট আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব নজরুল ইসলাম খান। প্রকল্প পরিচালক ও আইসিটি বিভাগের যুগ্ম-সচিব (প্রশাসন) সুশান্ত কুমার সাহার সভাপতিত্বে কর্মশালায় ইউআইএসসির উদ্যোক্তা পরিচালকদের প্রণোদনা প্রদান বিষয়ে আলোচনা করেন এটুআই (অ্যাকসেস টু ইনফরমেশন) প্রকল্পের ডোমেইন স্পেশালিস্ট উন্মে সালমা তানজিয়া। প্রকল্পটি সার্ক ডেভেলপমেন্ট ফান্ডের আওতায় বাংলাদেশ, ভূটান, মালদ্বীপ এবং নেপালে একযোগে বাস্তবায়িত হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশের ৩১টি জেলার ১০১টি উপজেলার ২০০টি দুর্গম ইউনিয়নে ইউনিয়ন তথ্য সেবা দেওয়া হচ্ছে। কর্মশালায় বিভিন্ন জেলার এডিসি (আইসিটি), সহকারি কমিশনার (আইসিটি), প্রোগামার ও সহকারী প্রোগ্রামাররা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে জানানো হয়, ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের কার্যক্রম অনলাইন মনিটরিং পদ্ধতি ভূটান, মালদ্বীপ এবং নেপাল অনুসরণ করার উদ্যোগ গ্রহণ করেছে।