গত ২২ আগস্ট ভারতে ইতোমধ্যে মুক্তি পেয়েছে রানি মুখার্জির ছবি ‘মারদানি’। যশ রাজ ফিল্মসের ব্যানারের এই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল পাকিস্তানেও। কিন্তু ভারতের সেন্সর বোর্ডে ‘এ’ গ্রেড পাওয়া ছবিটিই আটকে দিয়েছে পাকিস্তানের সেন্সর বোর্ড। স্পষ্ট জানিয়ে দিয়েছে, কিছু কিছু জায়গা বাদ দেওয়া না হলে ‘মারদানি’ দেখানো হবে না পাকিস্তানে।
ছবিটির একজন মুখপাত্র জানিয়েছেন, ‘পাকিস্তানের সেন্সরবোর্ডও ছবিটিকে ‘এ’ গ্রেড দিয়েছে কিন্তু সাতটি দৃশ্য তারা বাদ দিতে বলেছে। কিন্তু এই দৃশ্যগুলো বাদ দিলে ছবিটি অনেক কিছুই হারাবে।’
প্রাথমিকভাবে তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ‘মারদানি’তে কোন কাটছাঁট করা হবে না। ফলে যদি ছবিটি পাকিস্তানে মুক্তি নাও পায় তাতেও সমস্যা নেই ‘মারদানি’ টিমের।
ছবিটিতে রানি মুখার্জি তার ক্যারিয়ারে প্রথমবারের মতো একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করলেন। ‘মারদানি’তে আরও আছেন তাহির ভাসিন, যীশু সেনগুপ্ত প্রমুখ।
এদিকে বিয়ের পর নিজের স্বামীর প্রযোজনার প্রথম ছবি রিলিজ হতে চলেছে। তাই এই ছবি নিয়ে রানির উচ্ছ্বাসটাও বেশি। এদিকে রানি অন্তসত্ত্বার গুঞ্জনও শোনা গেছে। সেটিও উড়িয়ে দিয়েছেন তিনি। সম্প্রতি ‘মারদানি’ নিয়ে রানি কলকাতাও ঘুরে গেছেন।
