ইমনের পক্ষে তার পরিবারের বিবৃতি

আপডেট : ২৩ আগস্ট ২০১৪, ২১:০৭
শওকত আলী ইমনের পক্ষে তার পরিবার সম্প্রতি মিডিয়ায় এক বিবৃতি দিয়েছে। তাদের বিবৃতিতে তারা জানান, ‘ইমনকে হেয়প্রতিপন্ন করার জন্য এবং সামাজিকভাবে তার ভাবমূর্তিকে ক্ষুণ্ন করার জন্য কিছু লোক উঠেপড়ে লেগেছেন। সম্প্রতি মিথ্যা ও বানোয়াট মামলা সাজিয়ে ইমনকে তার বাড়ির দরজা ভেঙে গ্রেফতার করা হয়। ইমনকে থানায় হাজির করার আগেই অসংখ্য টিভি চ্যানেলের ক্যামেরা ও পত্রিকার সাংবাদিকরা আগে থেকেই থানায় উপস্থিত ছিলেন। এতে আমাদের স্পষ্ট ধারণা যে, এটি একটি সাজানো ঘটনা।’ গত ২৩ আগস্ট দুপুরে তারা সংবাদমাধ্যমে এ সংক্রান্ত একটি বিবৃতি প্রেরণ করেন। বিবৃতিদাতার নামের তালিকায় রয়েছেন রেবেকা সুলতানা, রেহানা সুলতানা, আবিদা সুলতানা, সালমা সুলতানা, চিত্রা সুলতানা ও মোহাম্মদ আলি সুমন। তারা সবাই শওকত আলী ইমনের পরিবারের সদস্য। উল্লেখ্য, স্ত্রী জিনাত কবির তিথির নগ্ন ছবি প্রকাশের অভিযোগে ২১ আগস্ট রাতে শওকত আলী ইমনকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগে তিথি ১৮ আগস্ট তথ্যপ্রযুক্তি আইনে (আইসিটি অ্যাক্ট) রমনা থানায় ইমনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এজাহারে তিনি অভিযোগ করেন, এক বছর ধরে ইমন কৌশলে তার আপত্তিকর ছবি তোলেন। পরে তার কাছে পাঁচ কোটি টাকা দাবি করেন তিনি। টাকা দিতে অস্বীকার করায় সেসব ছবি প্রকাশ করার হুমকি দেন ইমন।