১০৪ পর্বের ‘দূরত্ব’ নিয়ে সেলিম

আপডেট : ২৩ আগস্ট ২০১৪, ২১:০৮
এটিএন বাংলায় আজ থেকে শুরু হতে যাচ্ছে নির্মাতা এহসানুল হক সেলিমের নতুন মেগা সিরিয়াল ‘দূরত্ব’। ইতোমধ্যে নাটকটির ৯০ পর্বের কাজ শেষ করে জমা দেওয়া হয়েছে। নাটকটি রচনা করেছেন ফজলুল করিম। অর্থ-বিত্ত নিয়ে মানুষের মধ্যে যে দূরত্বের সৃষ্টি হয় তার উপর ভিত্তি করেই এগিয়ে গেছে নাটকটির গল্প। প্রাথমিক অবস্থায় নাটকটি কমপক্ষে ১০৪ পর্বের হবে বলে ধারণা করা হলেও আশা করা হচ্ছে এর পর্ব সংখ্যা আরও বাড়বে। দেশ ও দেশের বাইরের নানা লোকেশনে নাটকটির চিত্রগ্রহণ করা হচ্ছে। প্রায় ২৬টি দেশে নাটকটির চিত্রগ্রহণের কথা রয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ, মালয়েশিয়া ও নেপালে নাটকটির শুটিং হয়েছে। নাটকটি সম্পর্কে নাট্যকার এহসানুল হক সেলিম বলেন, ‘কিছুটা ব্যতিক্রমধর্মী গল্প নিয়েই ‘দূরত্ব’ নির্মাণ করা হয়েছে। এর গল্প আর মনোমুগ্ধকর লোকেশন নাটকটিকে অন্য মাত্রায় নিয়ে গেছে। নাটকটি নিয়ে আমি আশাবাদী।’ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, মাসুদ আলী খান, লায়লা হাসান, মাহমুদ সাজ্জাদ, খালেদা আক্তার কল্পনা, হাসান মাসুদ, আরমান পারভেজ মুরাদ, আরেফিন শুভ, হিল্লোল, এহসানুল হক সেলিম, বিদ্যা সিনহা মীম, নওশীন, মিমো, কবিতা, প্রণয়, প্রাচুর্য, পূণ্য, সোহান খান, সাব্বির আহমেদ, শম্পা, তানভীর, চৈতি, সোমা, সাজ্জাদ রেজা, তানিয়া, ছবি, মুক্তি, আরফান, আল মামুন প্রমুখ।