ভিত্তিপ্রস্তরে সীমাবদ্ধ জবির ছাত্রী হল

আপডেট : ২৩ আগস্ট ২০১৪, ২১:২৩
ভিত্তিপ্রস্তর উদ্বোধনের প্রায় ১০ মাস পরও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হলের (বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল) নির্মাণ কাজ শুরু হয়নি। গত বছরের ২২ অক্টোবর শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ হলটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় বর্তমানে হলটির স্থান দখল করে রিকশা ও ভ্যানের গ্যারেজ গড়ে উঠেছে। পাশাপাশি গড়ে উঠেছে একাধিক ওয়ার্কশপও। জানা যায়, ২০১২ সালের ৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তত্কালীন আহবায়ক সাইফুল ইসলাম আকন্দের নেতৃত্বে ৩/১, লিয়াকত এভিনিউয়ের ২৩ কাঠা জমির অবৈধ দখলদারদের উচ্ছেদ করে শিক্ষার্থীরা। তারা ওই সময় ছাত্রী হলের ব্যানার টাঙিয়ে জমি ও দখলে নেয়। ২০১৩ সালের ২৫ আগস্ট সেখানে ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব’ ছাত্রী হল নির্মাণের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। ওই দিন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বৈঠকে এক হাজার ছাত্রীর আবাসন সুবিধা নিশ্চিত করতে ২০ তলা দুটি টাওয়ার নির্মাণের প্রাথমিক কাজ শুরুর সিদ্ধান্ত হয়। বৈঠকে এ প্রকল্পের লে-আউট প্লান, ডিজাইন নিয়েও আলোচনা হয়। ২২ অক্টোবর হলটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের এক বৈঠকে ৪৮ ঘণ্টার মধ্যে ছাত্রী হলের টেন্ডার আহবান করার সিদ্ধান্ত হলেও দৃশ্যত এ প্রকল্পের কোনো অগ্রগতি হয়নি। সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কতিপয় কর্মচারী ও কর্মকর্তার ইন্ধনে হলটির জায়গায় রিকশা ভ্যানের গ্যারেজ তৈরি করা হয়েছে। পাশাপাশি সেখানে রিকশা ভ্যান মেরামতের চারটি ওয়ার্কশপ হয়েছে। হলটির খোলা জায়গায় পরিণত হয়েছে ময়লা আবর্জনার ভাগাড়। সন্ধ্যার পর থেকেই জায়গাটি নেশাখোরদের অভয়ারণ্যে পরিণত হয়। এ বিষয়ে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, প্ল্যানিং কমিশনের কিছু জটিলতার কারণে হলটির নির্মাণ কার্যক্রম পিছিয়ে পড়েছে। তবে হলটির টেন্ডার হয়েছে। শিগগিরই নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি।