জেলার রামগঞ্জ পৌর শহরের রতনপুর, মধুপুর গ্রাম, যাবেদ সিনেমা হল রোড, আউগানখিল, সোনাপুর গ্রামের বিভিন্ন স্থানে গতকাল শনিবারসহ এক সপ্তাহে কুকুরের কামড়ে স্কুল-শিক্ষার্থীসহ ৩০ জন আহত হয়েছে।
আহতরা হলেন পৌরসভার সুইপার নার্গিসের ছেলে দেলোয়ার হোসেন (১০), চন্ডিপুর খামার বাড়ির কহিনুর (৪৫), স্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ২য় শ্রেণীর ছাত্র সাকিব (৮), একই বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র বাদশাহ ফয়ছাল (১২), নিলয় শীল (১১), প্রান্ত শীল (১২) ও রামগঞ্জ মডেল কলেজের প্রভাষক বাবু অসিত কুমার সাহা (৪৫), মানিক দেবনাথ (৫৫), মোঃ দুলাল মিয়া (৪০), মোঃ সোহরাব (৩৫), কাছারি বাড়ির মৃত আকবরের স্ত্রী শামছুন নাহার (৪৫), গৃহিণী নূরজাহান বেগমসহ (৪০) প্রায় ৩০ জন।
শনিবার সকালে আহত কয়েকজন রুগী রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা নিতে এলে হাসপাতাল কর্তৃপক্ষ জলাতঙ্ক রোগের ভ্যাকসিন না দেয়ায় রুগীরা বিপাকে পড়েছে। এসময় রুগীর স্বজনদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। আহতদের প্রাইভেট ক্লিনিকে চিকিত্সা দেয়া হচ্ছে।
উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক জানান, উপজেলা পর্যায়ের হাসপাতালে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন সরবরাহ করা হয় না।
