লেবাননে পাচার হওয়া মায়াকে দেশে ফিরিয়ে আনার আকুতি

আপডেট : ২৩ আগস্ট ২০১৪, ২১:৩৩
উচ্চ বেতনের লোভ দেখিয়ে মায়া খাতুনকে লেবাননে পাটিয়েছিল একটি চক্র। সেখানে প্রতিশ্রুত বেতন ও কাজ না দিয়ে তাকে আটকে রাখার অভিযোগ করেছে তাঁর পরিবার। কোটচাঁদপুরের মায়া খাতুনকে (৪০) গত ১২ মে চাকরির প্রলোভনে পাচারকারী চক্র লেবাননে নিয়ে যায়। এ চক্রের সদস্য কোটচাঁদপুর আদর্শপাড়ার আমির হোসেনের স্ত্রী খদেজা বেগম ও মহেশপুর উপজেলার ব্রিজঘাটপাড়ার শহিদুল ইসলাম। তারা রিক্রুটিং এজেন্সি হিমেল এয়ার সার্ভিসের মাধ্যমে মায়াকে লেবানন পাঠায়। প্রায় ১৫ দিন পর মায়া খাতুন ফোন করে জানায়, তাকে চাকুরী দেওয়ার নামে বিক্রি করে দেয়া হয়েছে। মায়ার স্বামী আব্দুল আলিম জানান, মায়া যখনই ফোন করে তখনই বন্দীদশা থেকে উদ্ধারের আকুতি জানায়। তাকে উদ্ধারের জন্য সে সরকার ও মানবাধিকার সংগঠনের সহযোগিতা চেয়েছে। এব্যাপারে থানায় মামলা করতে গেলে ডিউটি অফিসার তাকে কোর্টে মামলা করার পরামর্শ দিয়েছেন। কোটচাঁদপুর থানার এসআই আব্দুর রব জানান, গত বৃহস্পতিবার মায়ার পরিবার থানায় মামলা করতে এসেছিল। তাদেরকে পরে আসতে বলা হয়েছিল।